চট্টগ্রামে বিমান দুর্ঘটনা : ১৭ ফ্লাইট বাতিল, শিডিউল বিঘœ, যাত্রী দুর্ভোগ চরমে
চট্টগ্রাম শাহ আমানত আন্ত—র্জাতিক বিমানবন্দর দুদিনের জন্য বন্ধ ঘোষণা করায় বিমান ও জিএমজি এয়ারলাইন্সের অন্তত ১৭ টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, শুক্রবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ের বাইরে বিমানের দুবাই ফেরত একটি ডিসি ১০ দুর্ঘটনায় পড়ায় সিভিল এভিয়েশন শুক্র ও শনিবার ওই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত রাখে। বিমানটি উদ্ধার করার জন্য বিশালাকৃতির ক্রেন ও ট্রলি রানওয়ে বন্ধ করে রাখবে বলে কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে হয়। এর প্রেক্ষিতে ওই ১৭টি ফ্লাইট বাতিল করতে হয়।
এদিকে বিমান সংকটের কারণে বিমানের ফ্লাইট শিডিউলেও কিছুটা পরিবর্তন আনতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সব মিলিয়ে চট্টগ্রাম রুটের যাত্রীদের এখন পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
সিভিল এভিয়েশনের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, গত বছর ৮ অক্টোবর সিলেটে বিমানের একটি এফ ২৮ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার পর বিমানের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যে বিমান সংকট দেখা দেয়, নতুন বিমান সংগ্রহ না করায় ওই সংকট কাটেনি।
তিনি জানান, উপরন্তু চট্টগ্রামে দুর্ঘটনা কবলিত ডিসি ১০ বিমানটি এখন অনির্দিষ্ট সময়ের জন্য বসে গেছে (গ্রাউন্ডেড)। এই বিমানটি সচল না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমানকে ফ্লাইট শিডিউল পুনর্বন্টন করতে হবে।
বিমান সূত্র জানায়, চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করায় শুক্রবার বিমানের দুটি ও শনিবার বিমানের আরো দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম ঢাকা রুটের অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো এরই মধ্যে বাতিল করা হয়েছে, সেগুলোর মধ্যে শুক্রবার বিমানের দুটি ও জিএমজি’র তিনটি এবং শনিবার বিমানের তিনটি ও জিএমজি’র পাঁচটিসহ মোট ১৩টি ফ্লাইট রয়েছে।
বিশ্বের তিনটি মহাদেশের ২৬টি দেশে ও দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে। বিমানের বিমান বহরে এখন পাঁচটি ডিসি ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ ২৮ সক্রিয় রয়েছে।
