তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, নীলফামারীর ডিমলায় বিস্তীর্ণ এলাকা পানির নীচে
তিস্তার পানি আবারও হঠাৎ করে বেড়ে যাওয়ায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার বিস্তীর্ণ এলাকা নতুন করে বন্যার পানিতে তলিয়ে গেছে।
ডিমলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর চরাঞ্চলের ঝাড়সিংহেশ্বর, বাইশপুকুর, দোহলপাড়া, ছোটখাতা, চারখড়িবাড়ি, পাগলপাড়া, ফকরতেরচর, কিসামতেরচর, ভাষানীরচরসহ ১২টি চরের প্রায় দু’হাজার পরিবারের দশ সহশ্রধিক মানুষ ডুবে যাওয়া ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। ঠাঁই নিয়েছ বিভিন্ন স্কুল-কলেজের বারান্দায়।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার সকাল ৬টায় হঠাৎ করেই নদীর পানি বেড়ে গিয়ে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। বিকেল তিনটায় পানি আরও বেড়ে গিয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করলে নদী তীরবর্তী গ্রাম ও চরের গ্রামগুলো দু’ থেকে চার ফুট পানির নীচে তলিয়ে যায়।
সংশিষ্ট সূত্র জানায়, গত দু’দিনে এই অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত না হলেও নিম্নচাপের ফলে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হলে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ওই এলাকার বন্যা মোকাবেলায় ভারত তিস্তা ব্যারেজ দিয়ে বন্যার পানি ছেড়ে দেয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
