মুখ থুবড়ে পড়েছে উত্তরাঞ্চলে বিএসটিআই’র কার্যক্রম, সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব
অনিয়ম-দূর্নীতির পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষাগার ও জনবলের অভাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ন্ড এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এর ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
রাজশাহীতে অবস্থিত ১৭ জন কর্মকর্তা-কর্মচারি নিয়ে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বিএসটিআই তার কর্মকাণ্ড পরিচালনা করছে।
বিএসটিআই সূত্র জানায়, উত্তরাঞ্চলের ১৬ জেলায় রয়েছে এক হাজার আটশ’ ৫০টি ছোট-বড় মিল-কলকারখানা। এর মধ্যে চারশ’ ৫০টির সার্টিফিকেট রয়েছে। এছাড়া আরও তিনশ’ ৫০টি কারখানা সার্টিফিকেটের জন্য আবেদন করেছে।
সূত্র জানায়, উত্তরাঞ্চলের ১৬ জেলার মিল-কারখানার উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেট প্রদানের দায়িত্ব সার্টিফিকেশন অব মার্কস বিভাগের। একজন সহকারি পরিচালক ও দুইজন মাঠ কর্মকর্তাকে নিয়ে সার্টিফিকেশন অব মার্কস বিভাগ কোন কাজই যথাযথভাবে করতে পারছে না।
অভিযোগ রয়েছে, উৎপাদিত পণ্যের মান সঠিকভাবে যাচাই করা হয় না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ক্রেতারা। সার্টিফিকেটভুক্ত কারখানাসমূহ ৫/৬টি পণ্যের উৎপাদন ও বাজারজাত করার অনুমোদন নিয়ে ১৫/২০ প্রকারের পণ্য উৎপাদন ও বাজারজাত করে থাকে। আবেদন ছাড়া অন্যান্য কারখানাগুলো নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করলেও বিএসটিআই কোনও ব্যাবস্থা নিতে পারছে না। ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্চে।
