২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে বিরোধী সাংসদরা

জাতীয় সংসদে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিরোধী সাংসদদের তোলা কিছু অভিযোগের প্রেক্ষিতে সংসদে কিছু সময়ের জন্য উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 10:23 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আলোচনায় অংশ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ নেতা কাদের সিদ্দিকী বলেন, অমুক্তিযোদ্ধারা এখন মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট প্রদান করছে। এটা মুক্তিযোদ্ধাদের জন্য অসম্মানের।

তিনি অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যানের বেশিরভাগই মুক্তিযোদ্ধা নয়, তারাই এখন মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট প্রদান করছে।

জাতীয় পার্টি সাংসদ হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধাদের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার দাবি জানান।

তিান আরও বলেন, যারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করেছেন তারা এ মাটির ঐতিহাসিক সন্তান।

আরেক জাপা নেতা মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের পরিবারের সাহায্যে একটা নির্দিষ্ট বরাদ্দের দাবি জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী প্রফেসর রিয়াজুল করিম বিরোধী সাংসদদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি অধিক মনোযোগী এবং তাদের উন্নয়নের জন্য কাজ করছে।

তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে। সাবেক আওয়ামী সরকার নির্ধারিত ভাতার পরিমান ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।