২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহুজাতিক কোম্পানির সঙ্গে দেশের স্বার্থ বিরোধী চুক্তির জন্যে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি

গণমুক্তি ও জাতীয় সম্পদ রক্ষা সম্মিলিত আন্দোলন জ্বালানি খাতে বহুজাতিক কোম্পানির সঙ্গে দেশের স্বার্থ বিরোধী চুক্তির অভিযোগ এন প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 08:33 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বৃহস্পতিবার সংগঠনের তোপখানার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে তারা বাংলাদেশে নাইকোর সকল কার্যক্রম বাতিল এবং টেংরাটিলার আগুন দ্রুত নেভানোর জন্যে ব্যবস্থা গ্রহণ ও পুরো খরচসহ দুর্ঘটনার সমুদয় খরচ তাদের কাছ থেকে আদায় করার দাবি জানান।

সম্মেলনে গণমুক্তি আন্দোলনের নেতা ও বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান গত ২৭ জুন টেংরাটিলায় তার সফরের অভিজ্ঞতা বর্নণা করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নাইকো ১৯৯৭ সালে বাংলাদেশে অনৈতিক ও টেকনিক্যাল উভয় ক্ষেত্রেই অযোগ্য ঘোষিত হলেও ২০০৩ সালে রহস্যজনকভাবে মোশাররফ হোসেন এক চুক্তিতে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ থেকে দায়মুক্তিসহ আরও অনেক জাতীয় স্বার্থ বিরোধী সুবিধা প্রদান করে গ্যাস ক্ষেত্রগুলো নাইকোর হাতে তুলে দেয়। তিনি বলেন, এ জঘন্য অপরাধের জন্যে মোশাররফ হোসেনের পাশাপাশি জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ও তার সহযোগীদের বিচার দাবি করছি।

সম্মেলনে তারা জাতীয় সম্পদ ধ্বংসের দায়ে বাংলাদেশের প্রচলিত আইনে নাইকোর বিচার, টেংরাটিলার দুর্ঘটনাস্থলের তিন বর্গকিলোমিটার এলাকার ভেতরের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়ণ, প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসনের জন্যে নিরাপদ আশ্রয় কেন্দ্র গড়ে তোলা, শিশুসহ অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হামিদুল হক, আবদুল্লাহ সরকার, কামরুল আলম সবুজ প্রমুখ।