বৈষম্যের প্রতিবাদে রাজশাহীর ৫০০ কারারক্ষীর বেতন না তোলার ঘোষণা
বেতন বৈষম্যের প্রতিবাদে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রায় পাঁচশত কারারক্ষী বর্তমান বেতন স্কেলে বেতন-ভাতা উত্তোলন করবে না বলে ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে তারা সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক লিখিত আবেদনে সেনা ও পুলিশ কনস্টেবলদের সঙ্গে তাদের বেতন বৈষম্য দূর করার দাবি জানান।
সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দেয়া আবেদনে কারারক্ষীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে জেল পুলিশ কনস্টেবলদের বেতন, রেশন ও অন্যান্য ভাতাদি পুলিশ কনস্টেবলদের সমান করা, কারারক্ষীদের কাঁধের ব্যাচ বিডিজে পরিবর্তন করে বিডিজেপি অর্থাৎ জেল পুলিশ করা, বছরে সেনাবাহিনীর মত বাধ্যতামূলক দুই মাসের অর্জিত ছুটি প্রদান, শতকরা এক’শ ভাগ বাসা রেশন প্রদান, নতুন পদ সৃষ্টি করে সিনিয়র হিসেবে পদোন্নতি প্রদান, জেল পুলিশ একাডেমির মান উন্নয়ন, সপ্তাহে দু’দিন পূর্ণ বিশ্রাম প্রদান।
নাম প্রকাশে অনিচ্ছুক কারারক্ষীরা জানান, স্বাধীনতার পূর্বে কারা শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের যে বেতন স্কেল ছিল তা বৈষম্যমূলক ছিল না। স্বাধীনতার পর থেকেই তাদের প্রতি নানা অবিচার করা হচ্ছে। বর্তমানে কারা শান্তি বাহিনীর সদস্যদের বেতন স্কেল দুই হাজার ৬০০ টাকা আর সেনা ও পুলিশ কনস্টেবলদের বেতন স্কেল তিন হাজার ১৫০ টাকা।
এ প্রসঙ্গে কারারক্ষীরা আরও জানান, স্বাধীনতার পূর্বে সেনা ও পুলিশ সদস্যদের চাইতে তাদের বেতন ২ টাকা বেশি ছিল।
