টেংবাটিলায় দাবি আদায় সংগ্রাম পরিষদের আল্টিমেটাম : ৭২ ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে
টেংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদ ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেছে প্রথম ও দ্বিতীয় দফা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও ব্যবসায়ীদের পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। এ সময়ের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া শুরু না হলে এলাকাবাসীদের নিয়ে গ্যাসফিল্ড ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় টেংরা বাজারে অনুষ্ঠিত সমাবেশে ১০ সদস্য বিশিষ্ট ‘দাবি আদায় সংগ্রাম পরিষদ’ এই আল্টিমেটাম দেয়। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল হামিদ মাস্টার, শিক্ষক আজিম উদ্দিন, নুরুল আমিন, রুহুল আমিন, তাজুল ইসলাম প্রমুখ।
অন্যদিকে, নাইকোর কাছ থেকে পূর্ণ ক্ষতিপূরণ আদায়সহ নাইকোকে বাংলাদেশ থেকে উচ্ছেদের দাবিতে অঙ্গীকার বাংলাদেশ ও সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়নের উদ্যোগে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ নাইকোর কুশপুত্তলিকা দাহ করে।
বৃহস্পতিবার গ্যাসফিল্ড সরজমিন ঘুরে দেখা গেছে আগুন লাগার এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনও ১৫০ থেকে ২০০ ফুট উচ্চতায় আগুন জ্বলছে। সকালের দিকে আগুনের উচ্চতা ও শব্দ কিছুটা কমে এলেও বিকালে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এবং এ সময়ে কূপ থেকে বৃষ্টির মত ধূলাঝড় শুরু হয়। ধুলোঝড়ের মধ্যেই নাইকোর লোকজনকে কূপের ভিতর থেকে ট্রাকসহ তাদের বিভিন্ন যন্ত্রপাতি সরিয়ে নিতে দেখা যায়। সকালে নাইকোর কয়েকজন বিদেশী বিশেষজ্ঞ হেলিকপ্টার যোগে পরিস্থিতি পর্যবেক্ষণে টেংরাটিলায় যায় এবং কোনওরকম মন্তব্য না করেই বিকালে ফিরে আসে।
দোয়ারা বাজার ইউএনও মুহিবুজ্জামান সাংবাদিকদের জানান, প্রথম দফা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬শ’ ১৬ পরিবারের মধ্যে হয়রাণি ভাতা দেওয়া হয়েছে। অবশিষ্ট ২ শ’ ৬৭ পরিবারকে দুই একদিনের মধ্যেই ক্ষতিপূরণ দেওয়া হবে। তারপরও কেউ যদি বাদ পড়ে তবে তাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হবে এভং দরখাস্তের ভিত্তিতে তাদেরকে ক্ষতিগ্রস্তদের আওতায় আনা হবে।
