সরকার ২০০১ সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১৪,২৬৫টি কম্পিউটার দিয়েছে
জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট ১৪,২৬৫টি কম্পিউটার দিয়েছে।
এর মধ্যে দেশের সাতটি শিক্ষা বোর্ডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯,১৪২টি কম্পিউটার দিয়েছে। নবম শ্রেণীতে কম্পিউটার শিক্ষা কার্যক্রমের আওতায় ১,১৬০টি সরকারি ও বেসরকারি উচ্চ বিদ্যালয়ে ৩,৪৮০টি কম্পিউটার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন।
দেশের ২৭টি পলিটেকনিক ইন্সটিটিউটে ৯৭২টি কম্পিউটার এবং ১৫২টি সরকারি কলেজে ৩০৪টি কম্পিউটার দেওয়া হয়। এছাড়া মনোনিত কলেজ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬৭টি বেসরকারি কলেজে একটি করে কম্পিউটার দেওয়া হয়।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষা নীতি প্রণয়নের জন্য তিনটি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই কমিশনগুলো গঠন করা হয় ১৯৭৪, ১৯৮৬ এবং ২০০৩ সালে। এর পাশাপাশি একই কারণে ১৯৭৯ সালে জাতীয় শিক্ষা উপদেষ্টা কমিটি, ২০০০ সালে জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন কমিটি এবং ২০০২ সালে শিক্ষা সংস্কার বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা কমিশন ২০০৩ এর প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।
