সাভারে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, ৬০ কোটি টাকার ক্ষতি
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুলবাড়িয়া এলাকার বিশ্বাস গার্মেন্টস কারখানায় বুধবার ভোর রাতে হঠাৎ করে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সকাল নয়টায় দমকল বাহিনীর কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোর পৌনে তিনটার দিকে গার্মেন্টস কারখানার মূল ভবনের পাশে টিনশেড ভবনের টেক্সটাইল ডিভিশনের স্ট্যান্ডার্ড মেশিন থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। সেখানে রাখা উলের কম্বল ও দাহ্য পদার্থ থেকে আগুন মূহুর্তের মধ্যে পাশের ছয়তলা ভবনে ছড়িয়ে পড়ে। রাতে শ্রমিক কর্মচারি কম থাকায় এবং কারখানার নিজস্ব ফায়ার ফাইটার নাথ থাকায় আগুন নিয়ন্ত্রণের কোনও ব্যাবস্থা নেয়া যায়নি। আগুন পর্যায়ক্রমে নিচ তলা থেকে ছয়তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে ভোরেই সাভার, ডিইপিজেড, মিরপুর, গুলিস্তান থেকে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৫টি দল ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। সকাল নয়টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলেও এরই মধ্যে ফ্যাক্টরির বিপুল পরিমাণ গার্মেন্টস সামগ্রী, সহস্রাধিক মেশিন, আসবাবপত্র ও শিপমেন্টের জন্য প্রস্তুত তিন কোটি টাকা মূল্যমানের পোষাক ভস্মীভূত হয়ে যায়।
আগুনে তিন তলা ও পাঁচ তলা ভবনের ক্ষতি কম হলেও টেক্সটাইল ডিভিশনের পুরোটাই ধ্বংস¯ত’পে পরিণত হয়।
একশভাগ রপ্তানীমূখী এই গার্মেন্টস কারখানার নিজস্ব কোনও ফায়ার ফাইটার কিংবা ওয়াটার রিজার্ভার ছিল না। প্রত্যক্ষদর্শীরা বলেন, এগুলো থাকলে হয়ত ক্ষয় ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যেত।
বিশ্বাস গ্রুপের মালিক ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাঈনুদ্দীন বিশ্বাস সাংবাদিকদের বলেন, আগুনে কারখানার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি। সুইডেন ও জার্মানিতে শিপমেন্টের জন্য সোয়েটার ও টি-শার্টের স্টক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
টেক্সটাইল, নিটিং, সোয়েটার ও অন্যান্য সেকশন মিলে মোট ছয়টি ইউনিটে বিভক্ত বিশ্বাস গার্মেন্টসের নীচতলায় অজ্ঞাত কারণে আগুন লাগলেও বয়লার অক্ষত রয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডে ব্যাপক এই ক্ষয় ক্ষতির কারণে আগামী একমাসের মধ্যে কারখানাটি উৎপাদনে যেতে পারবে না এবং মাসের শেষ দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার প্রায় সাত হাজার শ্রমিক-কর্মচারি তাদের পাওনা বেতন ও চাকুরির ব্যাপারে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে মালিকপক্ষ বলেছে নির্দিষ্ট সময়েই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।
