যৌতুক ও বাল্যবিয়ে রোধে সোচ্চার ‘গোলাপ সার্কেল‘
নোয়াখালীর নিভৃত পল্লী চরবৈশাখী গ্রামের নারীরা এখন অধিকার সচেতন। তারা এখন আর যৌতুক ও বাল্যবিয়ের শিকার হচ্ছে না। বাল্যবিয়ের কারণে অকালে মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে না কোনও কিশোরীকে। যৌতুকের কারণে ভাঙ্গছে না নারীর সংসার। গোলাপ সার্কেল সংগঠনের মাধ্যমে তারা এখন সোচ্চার যৌতুক ও বাল্যবিয়ের বিরুদ্ধে।
নোয়াখালী জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চরওয়াবদা ইউনিয়নের একটি গ্রাম চরবৈশাখী। প্রায় ২৫ বছর আগে হাতিয়াসহ বিভিন্ন এলাকার নদীভাঙ্গা মানুষ এখানে বসবাস শুরু করে। গ্রামের লোকসংখ্যা প্রায় ৩ হাজার। এদের অধিকাংশই দিনমজুর ও ছোট ব্যবসায়ী। ছোট ছোট ঝুপড়ি ঘরে এদের বাস। এক একটি ঘরে ৭/৮ জন করে সন্তান। এখানকার কিশোর-কিশোরীরা বাল্যবিয়ের শিকার হয়ে আসছিল এতদিন।
যৌতুক ও বাল্যবিয়ের অভিশাপ থেকে নিজেদের রক্ষার জন্য গ্রামের ২৫ জন কিশোরী ২০০০ সালের ৪ এপ্রিল বেসরকারি উন্নয়ন সংস্থা নোয়াখালী রুলার ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) সহযোগিতায় চরবৈশাখীতে ‘গোলাপ সার্কেল‘ নামে নারীদের কল্যাণে একটি সংগঠন প্রতিষ্ঠা করে।
সার্কেলে সহায়ক হিসেবে কাজ করছেন নাছরিন আক্তার। সার্কেলের মাধ্যমে কিশোরীদের অক্ষর জ্ঞান দান, যৌতুক ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, নারীদের গর্ভকালীন ও প্রসবকালীন বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলা হয়। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সার্কেলের সদস্যদের এসব বিষয়ে ধারণা দেয়া হয়। গোলাপ সার্কেলের সহায়ক নাছরিন আক্তার বিডিনিউজকে জানান, প্রত্যেক মাসের একদিন অভিভাবকদের স্বজনসভা এবং প্রতি দুই মাস পর এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিউনিটি সভা করা হয়।
১২ বছরের মেয়ে মারিয়ার বিয়ে হয় ৫০ বছরের দুলালের সাথে। দুলাল আগেও ৫টি বিয়ে করেছে। এরকম অসংখ্য অসম বিয়ে এবং বাল্যবিয়ের শিকার হয়েছে চরবৈশাখী গ্রামের অনেক কিশোরী। গোলাপ সার্কেল প্রতিষ্ঠার পর বাল্যবিয়ে সম্পর্কে সচেতন হচ্ছে চরবৈশাখীর নারীরা। সার্কেলের সদস্যরা এখন বহুবিয়ে ও বাল্যবিয়ে রোধে সোচ্চার। জান্নাত, মর্জিনা রাহেলা জেসমিনসহ তেমনি কয়েকজন কিশোরী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে গোলাপ সার্কেলের সুবাদে।
১০ হাজার টাকা যৌতুকের বিনিময়ে ১২ বছর বয়সী জান্নাতের বিয়ে ঠিক হয়। অনেক কষ্টে জান্নাতের মা ফুলবানু যৌতুকের ৪ হাজার টাকা পরিশোধ করে বাকি টাকার জন্য বিভিন্ন স্থানে সাহায্য প্রার্থী হন। জান্নাত গোলাপ সার্কেলের সহায়ক নাছরিন আক্তারকে বিষয়টি জানান। পরে গোলাপ সার্কেলের সদস্যরা ফুলবানুকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝান। সব বুঝে ফুলবানু যৌতুক দিয়ে অল্প বয়সে মেয়ের বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন। সার্কেলের সহায়তায় তিনি যৌতুকের ৪ হাজার টাকাও ফেরত পান।
সার্কেলের সহায়ক নাছরিন আক্তার বিডিনিউজকে জানান, চরবৈশাখী গ্রামের কিশোরীরা এখন আত্মপ্রত্যয়ী ও অধিকার সচেতন। তারা বিভিন্ন বিষয়ে এখন নিজেদের মতামত ব্যক্ত করতে পারছে। এখন আর তারা বাল্যবিয়েতে সম্মত নন।
