প্রধান বিচারপতির বিরুদ্ধে সুপ্রিমকোর্ট বার এসাসিয়েশনের মামলা করার পরিকল্পনা
‘বিরাগের বশবর্তী হয়ে’ ও ‘অযৌক্তিকভাবে’ হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন করায় প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা দায়ের করার চিন্তাভাবনা করছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এক জরুরী সাধারণ সভায় সমিতির নির্বাহী কমিটিকে এ ব্যাপারে আইনগত পদক্ষেপসহ সকল ধরণের ক্ষমতা প্রদান করা হয়েছে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনায়েতুর রহিম বিডিনিউজকে বলেন, সমিতির সিনিয়র সদস্যদের সাথে আলাপ-আলোচনা করে মামলার ব্যাপারে পদক্ষেপ নেওযা হবে।
সভার সিদ্ধান্তে বলা হয়, বেঞ্চ গঠনের প্রশাসনিক দায়িত্ব সংবিধান ও রুল অনুযায়ী প্রধান বিচারপতির ওপর ন্যাস্ত। সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে কিছু কিছু স্পর্শকাতর মামলায় হাইকোর্ট বিভাগের কোনও বেঞ্চ রুল ইস্যু বা আদেশ প্রদানের পর পরই আকস্মিকভাবে সংশ্লিষ্ট বেঞ্চের এখতিয়ার পরিবর্তন করা হচ্ছে।
গত ১৮ জুন বিচারপতি শাহ আবু নাঈম, মমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত বেঞ্চ জনস্বার্থে দায়ের করা একটি মামলায় রুল জারি করলে ওই দিনই ওই বেঞ্চের সকল প্রকার রিট মোশন এখতিয়ার প্রত্যাহার করা হয়।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি বেঞ্চ গঠনের সুষ্ঠ ও সঠিক নীতিমালা প্রনয়ণের জন্য বিচারপতি ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান বিচারপতির কাছে দাবি জানান।
সভায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ বলেন, ‘বিরাগের বশবর্তী হয়ে’ বেঞ্চ পূনর্গঠন করে প্রধান বিচারপতি আইন ও সংবিধান লঙ্ঘন করেছেন এবং আদালতে স্বাধীনভাবে কাজ করার ওপর অযাচিত হস্তক্ষেপ করেছেন।
যদি কোনও বিচারক বিবেকের দ্বারা পরিচালিত হয়ে আইনানুগ কোনও আদেশ দেন এবং সেই আদেশ যদি প্রধান বিচারপতির পছন্দ না হয় তারপরও তিনি বেঞ্চ পরিবর্তন করতে পারেন না।
তিনি বলেন, প্রধান বিচারপতির মাধ্যমে বিচারকদের পায়ে বেড়ি পরানোর চেষ্টা চলছে। আদালতের বেঞ্চ পরিবর্তনে প্রধান বিচারপতি স্বেচ্ছাচারী ও অযৌক্তিভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন না।
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে এখন যা হচ্ছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। প্রধান বিচারপতি সিনিয়র বিচারকদের পাশ কাটিয়ে তার ভাইসহ কয়েকজন জুনিয়র বিচারককে মোশন এখতিয়ার দিয়ে বেঞ্চ গঠন করেছেন। আমাদেরকে দেখতে হবে এর নেপথ্যে কারা।
তিনি বলেন, আমরা চাই প্রধান বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে আইন ও বিধি বিধান অনুযায়ী তার প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।
ব্যারিস্টার রোকন বলেন, বিচারকদের এখতিয়ার কমানোর বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করা উচিত।
তিনি বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে সাবেক অস্থায়ী বিচারপতি আব্দুস সালাম মামুনের দায়ের করা মামলায় আদেশ দেওয়ার কারণে বিচারপতি শাহ আবু নাঈমের রিট মোশন এখতিয়ার প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, নির্যাতিত বিচারকদেরকে মামলায় পক্ষ করে তাদের বক্তব্য শোনা উচিত। আমরা নির্যাতিত বিচারকদের কণ্ঠস্বর।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম বলেন, হাইকোর্ট বেঞ্চের এখতিয়ার প্রত্যাহারের ফলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে।
অবস্থাদৃষ্টে মনে হয়, সংবিধানের ওপর আরও একটা আঘাত আসতে পারে।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, প্রধান বিচারপতি অন্য বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ্যাডভোকেট মাহবুবে আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হালিম, রফিকুল ইসলাম মিয়া ও সমিতির সম্পাদক এ্যাডভোকেট এনায়েতুর রহিম।
