খালেদা-নিজামী জোট সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে: কবীর চৌধুরী
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে ক্ষমতাসীন ফ্যাসিবাদি খালেদা-নিজামী জোট সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে। এ জন্যে তিনি দেশবাসিকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।
সোমবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব গবেষণা কেন্দ্রর ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুনিজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এ আহব্বান জানান।
গবেষণা কেন্দ্রের সভাপতি কবি আবদুল খালেকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের উপ-হাইকমিশনার সর্বজিৎ চক্রবর্তী , দৈনিক খবরের সম্পাদক ড. মিজানুর রহমান মিজান ।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আরও বলেন , এরশাদের মত ভন্ড, চরিত্রহীন, বিশ্ব বেহায়াকে মানুষ কিভাবে গ্রহন করে তা ভাবতেও অবাক লাগে।
বিশেষ অতিথির বক্তৃব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেন, রাজাকার আলবদররা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের উপর আঘাত হানতে শুরু করেছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, আলাপ আলোচনার মধ্যে নয়, কাজের মধ্য দিয়েই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ অনুষ্ঠানে ২৬ জন গুনি ব্যক্তিকে সম্মননা পদক দেওয়া হয়। এর মধ্যে গাজী মনসুরুল হককে মরণোত্তর বঙ্গবন্ধু শেখ মুজিব পুরস্কার এবং মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্যে যৌথ বাহিনীর প্রধান জগজিৎ সিং অরোরাকে মরণোত্তর পুরস্কার এবং মুক্তিযুদ্ধের প্রতি নি:শর্ত সমর্থনের জন্যে মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি ও যুক্তরাজ্যকে পদক দেওয়া হয়।
পদকপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন জাতীয় অধ্যাপক ডা: নুরুল ইসলাম (মুক্তিযোদ্ধা পুরস্কার) , শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন (ভাষা আন্দোলন পুরস্কার), মরহুম শিল্পপতি এ এম জহিরউদ্দিন খান (শেরে বাংলা পুরস্কার), আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু (বঙ্গবন্ধু শেখ মুজিব পুরস্কার) , ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক (মুক্তিযোদ্ধা পুরস্কার), কবি সাইফুল বারী (কবি জীবনানন্দ পুরস্কার) প্রমুখ।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম গাজী মুনসুরুল হক মরণোত্তর পদকে ভুষিত করায় তার ছেলে গাজী খালেদ বিন মুনসুর বিডিনিউজকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, মুক্তিযুদ্ধে তথা এ দেশকে নিয়ে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের সকলকে এধরনের মুল্যায়ন করা হলে তাদের আত্মা শান্তি পেত। তার বাবাকে মরণোত্তর বঙ্গবন্ধু শেখ মুজিব পদক দেওয়ায় সংশ্লিষ্ট সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
