ঢাবি’র ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা
আগামী অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ১০৮ কোটি ১৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেট চার কোটি ১৫ লাখ টাকা কম।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান সোমবার অনুষ্ঠিত ২০০৫ সালের সিনেটের বার্ষিক অধিবেশনে ২০০৫-০৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমান ২৫ লাখ টাকা। চলতি বছরের সংশোধিত বাজেটে সম্ভাব্য ঘাটতি পাঁচ কোটি ৫০ লাখ টাকা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রস্তাবিত বাজেটে ৯৭ দশমিক ৮৮ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ উৎস থেকে বাজেটের বাকি ১০ কোটি টাকা আদায় করা হবে।
এ বাজেটের বড় অংশই ব্যয় করা হবে শিক্ষক ও কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতা বাবদ । এ অর্থের পরিমান ৭৩ কোটি টাকা, যা মোট বাজেটের ৬৭ দশমিক ৭৩ শতাংশ। এ ব্যয় এ বছরের চেয়ে সাত দশমিক ৩৬ শতাংশ বেশি।
আগামী বাজেটে শিক্ষা সহায়ক খাতে অর্থ বরাদ্দ আশংকাজনক। আগামী বছর এ খাতের বরাদ্দ পরিমান ১৪ কোটি টাকা। এ বছরের চেয়েও আগামী বছরে অর্থ বরাদ্দ তিন দশমিক আট শতাংশ কমেছে। যদিও গবেষণা খাতে অর্থ বরাদ্দ কমেনি। শিক্ষক প্রশিক্ষণে এক লাখ টাকা অর্থ বরাদ্দ বেড়েছে।
অন্যদিকে আগামী অর্থবছরে পেনশন খাতে ব্যয় করা হবে ১২ কোটি টাকা। এ খাতে প্রস্তাবিত বাজেটে এ বছরের তুলনায় এক দশমিক তিন শতাংশ বেশি বরাদ্দ রাখা হয়েছে। বাজেট স্বল্পতার কারণে এ বছরে পেনশন প্রদানে বিঘ্ন ঘটে।
