ড. সিতারার মরদেহ ঢাকায়, বুধবার দাফন
যুক্তরাষ্ট্র ও যুক্তরজ্য সফর শেষে আগষ্টে তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই জাগতিক সফর শেষ করে ফিরে এলেন তিনি, কফিনে করে।
সোমবার ভোরে ড. সিতারা পারভীনের লাশ ঢাকায় আনা হয়। দাফন সম্পন্ন হবে বুধবার।
যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীন।
বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিতারা পারভীনের নিথর দেহ ঢাকায় উড়িয়ে আনে।
৩ টা ৪০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বাবা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদ, স্বামী অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী এবং মেয়ে এষা শ্রাবণী ও পরিবারের অন্যান্য সদস্য সিতারা পারভীনের লাশ গ্রহণ করেন।
এ সময়ে কিছুক্ষণের জন্য তার কফিন খোলা হয। মাত্র এক সপ্তাহ আগেও যারা তাকে এ জায়গাতেই হাসিমুখে বিদায় জানিয়েছিল সোমবার ভোরে তাদেরকেই এক বুক কষ্ট নিয়ে তারা সিতারা পারভীনের মরদেহ গ্রহণ করতে হলো। এমনকি আশেপাশে মানুষজন থাকায় তারা কান্নাকাটি করেও নিজেদের হালকা করতে পারেনি। সকলেই ছিল শান্ত, অধিক শোকে পাথর যেনো।
৫২ বছর বয়সী সিতারা পারভীনের সহপাঠী, বন্ধু, সহকর্মী এবং জীবনসঙ্গী আহাদুজ্জামান মোহাম্মদ আলী লাশ দেখে জানান, ওর শান্ত মুখ দেখে মনে হচ্ছে,,যেন ঘুমিয়ে আছে। অবশ্য ও তো চিরদিনের জন্যই ঘুমিয়ে পড়েছে। কোনও কিছুই তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবে না।
বিমানবন্দরে লাশের জন্য অপেক্ষমান সবচে’ বয়োজ্যেষ্ঠ সাহাবুদ্দিন থেকে শুরু করে সর্বকনিষ্ঠ এষার বিষন্ন চেহারাই বলে দিচ্ছিল বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বাড়ি থেকে হাজার হাজার মাইল দূরে তাদের কোনও অমূল্য রতন চিরতরে হারিয়ে গেছে।
ব্যক্তিজীবনে সিতারা পারভীন ছিলেন চুপচাপ, শান্ত। কখনও কেউ তাঁর উচু কন্ঠস্বর শোনেনি। অথচ একটি ডজ ক্যারাভ্যান প্রচণ্ড কর্কশ শব্দে তার জীবন প্রদীপ কেড়ে নিল। ওই ক্যারাভান পেছন থেকে সিতারা পারভীনের শেভ্রোলেট ব্ল্যাজারে ধাক্কা দেয়।
এ সময় বোন শাহানার হাতে ছিল গাড়ির স্টিয়ারিং। তিনি দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিভে যায় ড. সিতারার জীবন প্রদীপ।
বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠিানিকতা শেষে শোক বিহ্বল পরিবার ও আত্মীয় স্বজনরা সিতারার মরদেহ নিয়ে যায় গুলশান-১ এ তাঁর চিরপরিচিত বাসভবনে।
যেখানে তিনি ছাত্রী হয়ে প্রবেশ করেছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষক হিসেবে নিজেকে যুক্ত রেখেছিলেন, সেই চিরচেনা ঢাকা বিশ্বদ্যিালয়ের তাঁর শেষ যাত্রার আগে পর্যন্ত লাশ গুলশানের বাসভবনেই থাকবে। এবং বুধবার সকালে তাকে মহাপ্রস্থানের উদ্দেশ্যে নিয়েও যাওয়া হবে এ বাড়ি থেকেই।
সিতারা পারভীনের ভাসুর এম.পি আসাদুজ্জামান নূর জানান, তারা ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, আগামী সাতদিন মরদেহ সঠিকভাবে কফিনে সংরক্ষণ করলে কোনও সমস্যা হবে না।
নিজের ঘরে পরবাসী হলেন সিতারা পারভীন। সবাই আছে, সবকিছুই আছে, শুধু তিনিই সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছেন।
পরিবারের সবাই সিতারা পারভীনের বৃদ্ধ মায়ের জন্য অপেক্ষা করছেন। তিনি চিকিৎসা নিতে লণ্ডন গেছেন।
মঙ্গলবার দুপুরে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
গুলশানের বাসভবনের যে কক্ষে কফিন রাখা হয়েছে, তার পাশে নির্বাক, নিথর হয়ে বসেছিলেন স্বামী আহাদুজ্জামান।
আগেই খবর পাওয়া গিয়েছিল, সোমবার মরদেহ দেশে আসছে। বিশ্বদ্যিালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং আত্মীয়-স্বজনরা সিতারার বাসায় ছুটে যান, তাকে শেষবারের মতো দেখতে। তারা কফিনের পাশে নিরবে দাঁড়িয়ে থাকেন এবং কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
তাদের মধ্যে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীও ছিলেন।
তিনি জানান, ইংরেজী বিভাগে সিতারা আমার সরাসরি ছাত্রী ছিল। সে ছিল আমার টিউটোরিয়াল গ্রুপে। আমি তাকে খুব কাছ থেকে জানতাম। পরে সাংবাদিকতায় আরও একটি মাস্টার্স করে ওই বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্যমে সে হয়েছিল আমার সহকর্মী।
বুধবার সকালে মরহুমার মরদেহ তার প্রিয় সাংবাদিকতা বিভাগে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে অপরাজেয় বাংলার পাদদেশে।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
