বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের কাছে ৫৮ কোটি টাকার রাজস্ব বকেয়া
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের মালিকানাধীন প্যাসিফিক টেলিকম (সিটিসেল) এর কাছে প্রায় ২৭ কোটি ৬২ লাখ টাকাসহ বেসরকারি টেলিফোন অপারেটরদের কাছে মোট প্রায় ৫৮ কোটি টাকার রাজস্ব বকেয়া থাকায় ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জিএম ফজলুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী জুলাই মাসের মধ্যে টেলিটক মোবাইল ফোনের নেটওয়ার্ক ১৮৭টি উপজেলায় বি¯তৃত করা হবে। এসময় টেলিটকের কলচার্জ আরও কমানো হবে।
বেসরকারি অপারেটরদের পক্ষ থেকে টেলিটকের সঙ্গে আন্তঃসংযোগের ব্যাপারে আপত্তি জানিয়ে বলা হয়েছে, বিটিটিবির সাথে আন্তঃসংযোগের ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই, তবে টেলিটকের সঙ্গে নয়। কারণ বিটিটিবির সাথে টেলিটকের কোনও চুক্তি নেই।
বিটিটিবির পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়, টেলিটকের সঙ্গে চুক্তির জন্যে একটি খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে। দু-তিনদিনের মধ্যেই ওই খসড়া দুই পক্ষের কাছে পৌঁছুবে। বিটিটিবির সাথে চুক্তির এক মাসের মধ্যেই বেসরকারি অপারেটরদের সাথে চুক্তি সম্পন্ন হবে।
সভায় জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের মালিকানাধীন প্যাসিফিক টেলিকমের (সিটিসেল) কাছে প্রায় ২৭ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব বকেয়া রয়েছে। এছাড়া গ্রামীণ ফোনের কাছে ২৪ কোটি ৬৫ লাখ, টিআইএমবির (একটেল) কাছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ এবং সেবার (বাংলালিংক) কাছে ১৮ লাখ ৪২ হাজার টাকা বকেয়া রয়েছে।
সভায় ডাক বিভাগে অটোমেটিক সর্টিং মেশিন ক্রয়ের দরপত্রে দুর্নীতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দরপত্রের শর্ত লংঘন করে এবং অনিয়মের আশ্রয় নিয়ে একটি অদক্ষ ও অযোগ্য কোম্পানিকে অটোমেটিক সর্টিং মেশিন কেনার অনুমোদন দেওয়া হয়েছে। একারণে সরকারকে কয়েক কোটি টাকা গচ্চা দিতে হবে।
কমিটির সভাপতি জিএম ফজলুল হক বিডিনিউজকে বলেন, বেসরকারি অপারেটররা, বিশেষ করে প্যাসিফিক টেলিকম গ্রহকদের কাছ থেকে আগাম টাকা আদায় করছে। অথচ তারা সরকারকে রাজস্ব প্রদান করছে না। তিনি বলেন, তিনি ও স্থায়ী কমিটির সদস্যরা ‘হুইওয়াও কোম্পানি’র খরচে চীন সফর করেছেন। এ কোম্পানির সাথে সম্পাদিত টেলিটকের চুক্তিও সঠিক বলে তিনি মন্তব্য করেন।
কমিটির সদস্য ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, কাজী গোলাম মোর্শেদ, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, আব্দুল মোমিন তালুকদার, আবুল হোসেন খান, মোহাম্মদ আলী কদর, ফরিদউদ্দিন চৌধুরী এবং আব্দুল হাই সভায় উপস্থিত ছিলেন।
