২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন, মিনি বাস ও ট্যাক্সি ক্যাবের সংঘর্ষ, নিহত ৫

রাজধানীর বাড্ডা থানার কুড়িল বিশ্বরোড রেল ক্রসিংয়ে রোববার রাতে ট্রেন, মিনি বাস ও ট্যাক্সি ক্যাবের সংঘর্ষে নিহতের সংখ্যা পাঁচ জনে দাঁড়িয়েছে। এতে আহত ১৫ জন রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

জেনারেল রেলওয়ে পুলিশ সোমবার জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত পাঁচ জনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে আবদুল মজিদ নামে একব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ট্যাক্সিক্যাব চালক মো. তারা মিয়া (৩২), ময়মনসিংহ জেলার ফুলপুরের সেকেন্দার মিয়ার ছেলে। সে টঙ্গী মিল গেট এলাকায় বাস করতো।

এছাড়া নিহত তাজুল ইসলাম (৫৫) চাঁদপুরের কচুয়া থানার মনোয়ারপুরের লোক যার বাসস্থান ছিলো টঙ্গীর ৯, মনসুর আলী সড়কে এবং মিন্টু মোল্লা (৩২) এর গ্রামের বাড়ি মাদারিপুর বলে জানা গেছে।

বাড্ডা থানা পুলিশ বিডিনিউজকে জানায়, রাত পৌনে ১১ টার দিকে ঢাকামুখী ও ঢাকা থেকে বাইরের দিকে যাওয়া দু’টি ট্রেন প্রায় একই সময় কুড়িল রেল ক্রসিং পার হচ্ছিলো। একটি ট্রেন রেল ক্রসিং পার হওয়ার পরপরই গেট খুলে দেওয়া হলে একটি মিনি বাস ও একটি ট্যাক্সি ক্যাব রাস্তা পার হতে এগিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে উপকূল এক্সপ্রেস নামে আরেকটি ট্রেন চলে আসে এবং বাস ও ট্যাক্সিক্যাবটিকে আঘাত করে।

সতর্কীকরণ সিগনালের ভুলের কারণে এই ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজকে জানান।

এদিকে থানার সাব ইনসপেক্টার আব্দুল হাই জানান, স্টেশনের পোস্টম্যান ট্রেন চলাচলের সময় সম্পর্কে অবগত না থাকায় এই ঘটনা ঘটে।

বাংলাদেশ জেনারেল রেলওয়ে পুলিশ (জিআরপি) এর সাব ইনসপেক্টর মোহাম্মদ বাবুল বিডিনিউজকে জানান, সতর্কীকরন সিগনাল না মেনে একটি বাস ও ট্যাক্সিক্যাব যখন ট্রেন লাইন পার হচ্ছিল তখনই দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় এই ঘটনা ঘটে। তিনি আরও বলেন, একটি ট্রেন চলে যাবার পর গাড়ি দুটি দ্রুত পার হতে চেষ্টা করে কিন্তু পরবর্তীতে আরও একটি ট্রেন আসলে এ সংঘর্ষ ঘটে।

জিআরপি এসআই সালেহ আলম জানান, ঘটনার পর গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।