২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে হত্যা ও ডাকাতি মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

শেরপুরে হত্যাসহ ডাকাতি মামলার রায়ে সোমবার জেলা দায়রা জজ আশীষ রঞ্জন দাস ৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সাথে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলায় অপর ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে অব্যাহতি দেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে মইনা ও আব্দুল খালেককে আদালতে হাজির করা হলেও মুসলেম উদ্দিন, রুপ চান ওরফে ওসমান, ফজল, ফরিদ, আব্দুল করিম এবং মগর আলী ওরফে বাকার পলাতক রয়েছে।

খালাসপ্রাপ্তরা হচ্ছে মণ্টু, জয়তুল্লাহ চৌকিদার, বাচ্চু (পলাতক), মনসুর আলী (পলাতক) ও শাহজাহান (পলাতক)।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৯৯৬ সালের ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলার দশকাহনিয়া এলাকার গুড় ব্যবসায়ী হযরত আলী তার সঙ্গীয় ব্যবসায়ী হাসমত আলী, মুসলেম আলী ও হাফেজ হাবিবুল্লাহকে সাথে নিয়ে শ্রীবর্দী উপজেলার বাগড়ার চর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সদর উপজেলার চরভাবনা দশকাহনিয়া ইউনিয়নের রাস্তায় পড়লে ১০/১২ জনের একদল ডাকাত ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় এবং ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে হযরত আলীকে হত্যা করে এবং অপর তিনজনকে গুরুতর জখম করে। এ ঘটনার পর নিহতের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ১৩জনকে অভিযুক্ত করে চার্জশিট গঠন করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।