অধ্যাপক সিতারা পারভীনের মরদেহ ঢাকায় পৌঁছেছে, বুধবার দাফন
অধ্যাপক সিতারা পারভীনের (৫২) মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ বিমানের বিজি-০১২ ফ্লাইটযোগে সোমবার ভোর পৌণে ৪ টায় তার কফিন জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।
তার বাবা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদ, স্বামী আহাদুজ্জামান মোহাম্মদ আলী, ভাসুর আসাদুজ্জামান নুর এমপি ও একমাত্র কন্যা এষাসহ শোক বিহ্বল নিকটাত্মীয়রা উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সিতারা পারভীনের কফিনটি আঞ্জুমানে মফিদুল ইসলাম এর একটি এ্যাম্বুলেন্সে করে
ভোর সাড়ে ৫ টায় গুলশানের (রোড নম্বর ১২৪, বাড়ী নং ১৪) বাড়িতে আনা হয়।
নিথর নিস্তব্ধ এ মরদেহ বাড়িতে পৌঁছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। বুক ফাটা আর্তনাদ আর অশ্রু ভরা টলটল সবার চোখ।
মাত্র ক’দিন আগে যে বাড়ি থেকে বাবা, স্বামী, সন্তান ও স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে আমেরিকা গেলেন, সেই বাড়িতে তাকে আজ প্রবেশ করতে হলো বাক্স বন্দি কফিন হয়ে!
বাড়ির ড্রইংরুমে কফিনটি অল্পক্ষণ রেখে নেয়া হয় দোতলায় কন্যা এষার কক্ষে। যেখানে জড়িয়ে আছে তাদের অনেক স্মৃতি।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের মেধাবী ছাত্রী মাতৃহারা এষার মলিন মুখ দেখে উপস্থিত সবার চোখেই জল এসে যায়। বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের অধ্যাপক আহাদুজ্জান ও নানা সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ তখন শোকে পাথর। অনুভূতি প্রকাশের সকল ভাষাই যেন হারিয়েছেন তারা।
এই বাসভবনে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কোরানখানি ও দোয়া করা হয় ।
পরিবারের সদস্যরা বিডিনিউজকে জানিয়েছেন, আত্মীয় স্বজনদের দেখার জন্য মরদেহ দুপুর ১২ টা পর্যন্ত এ বাড়িতেই থাকবে। পরে তা বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হবে।
অধ্যাপক সিতারা পারভীনের কফিন বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নেয়া হবে। পরে রাখা হবে অপরাজেয় বাংলার পাদদেশে। জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে বনানী গোরস্তানে তাকে দাফন করা হবে।
অধ্যাপক সিতারা পারভীন গত ২৩ জুন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। দুর্ঘটনায় তার ছোট বোন শাহানা পারভিন ও ভগ্নিপতি মিশেল স্মিথ আহত হন।
সিতারা পারভীনের মা মঙ্গলবার বিকেলে লণ্ডন থেকে দেশে পৌঁছবেন। পারিবারিক সূত্র জানিয়েছেন, চিকিৎসার জন্য তিনি বেশ কিছৃুদিন ধরে কনিষ্ঠ মেয়ের সঙ্গে লণ্ডনে ছিলেন।
