কানাডার ইমিগ্রান্ট ও নিরাপত্তা আইনের বিরুদ্ধে শরনার্থীদের প্রতিবাদ
কানাডার ইমিগ্রান্ট ও নিরাপত্তা আইনের প্রতিবাদে বাংলাদেশসহ ১৪টি দেশের অবৈধ শরনার্থী শনিবার বিকেলে রাজধানী অটোয়ার রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে।
বৃষ্টি ও রৌদ্র উপেক্ষা করে বিক্ষোভকারীরা বেশ কয়েক কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণকালে তারা ‘কেউই অবৈধ নয়’ বলে শ্লোগান দেয় এবং প্রবাসী, অভিবাসী ও শরনার্থীদের নিজ দেশে ফিরিয়ে দেয়া, ডিটেনশনে নেয়া বন্ধ করার ও নিরাপত্তা সনদ ব্যবস্থা বাতিলের দাবি জানায়।
বিক্ষোভকারীরা শতাব্দীর প্রাচীন পার্লামেন্ট হিলে পৌঁছে সেখানে দুই ঘন্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করে।
এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ল্যাটিন আমেরিকা থেকে আগত প্রায় দুই লাখ শরনার্থী কানাডায় অবৈধভাবে বসবাস করছে।
সলিডারিটি অ্যাক্রস বর্ডার্স (এসএবি) নামের একটি সংস্থা এ বিক্ষোভের আয়োজন করে। তারা প্রধানমন্ত্রী পল মার্টিনের কাছে একটি স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে বলা হয়, শরনার্থীরা কাজ করছে এবং নিয়মিত কর পরিশোধ করেছে। কিন্তু তাদের বৈধ অধিকার প্রদানে অনিশ্চিয়তার কারণে তাদের জীবন হুমকির মুখে পতিত হচ্ছে বলে উল্লেখ করা হয়।
কানাডা এমন একটি দেশ যেখানে শরনার্থীদের পুনর্বাসিত করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। জীবনযাত্রার মানের দিক থেকে কানাডাকে জাতিসংঘ বিশ্বের শীর্ষ দেশ হিসেব স্বীকৃতি দিয়েছে।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীকে তাদের বিষয়টি বিবেচনা করার এবং স্থায়ী নাগরিকত্ব প্রদানের আহ্বান জানান।
সকল অবৈধ ব্যক্তিকে বৈধ করার দাবিতে বাংলাদেশ রিফিউজি ক্লেইম্যান্ট অ্যাসোসিয়েশন অব কানাডা’র অনেক সদস্য বিক্ষোভে সামিল হয়। এদের বেশিরভাগই টরেন্টো থেকে আসা।
সংস্থাটির সাধারণ সম্পাদক লুনা কাজী বলেন, বাংলাদেশে নির্যাতনের ভয়ে বেশিরভাগ লোক কানাডায় এসেছে। এখন যদি তাদের কানাডা থেকে বিতাড়িত করা হয় তাহলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে।
