২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমলাদের দখলে এখনো একাধিক বিলাস বহুল গাড়ি, অনিয়মই যেনো নিয়ম

শীর্ষ পর্যায়ের আমলারা সরকারি গাড়ি ব্যবহারের নিয়ম না মেনে ক্ষমতা অপব্যবহার করেছেন। অনুসন্ধানে জানা যায়, তারা অনিয়মের আশ্রয় নিয়ে ব্যবহার করছেন একাধিক গাড়ি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সরকারি নিয়ম অনুযায়ী কর্মকর্তাদের নামে বরাদ্দ গাড়ি ছাড়া সাময়িকভাবে সরকারের অন্য কোনো গাড়ি ব্যবহার করতে হলে অন পেমেন্ট করতে হয়। অনেক সরকারি কর্মকর্তা অন পেমেন্ট না করে নিয়ম বহির্ভূতভাবে একাধিক গাড়ি ব্যবহার করছেন।

এ ব্যাপারে পরিবহন পুলের কমিশনার ওসমান গনি সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, নিয়মানুযায়ী সরকারি গাড়ি পাওয়া উপযুক্ত কর্মকর্তারা একটি গাড়ি ব্যবহার করতে পারবেন।

অথচ বিডিনিউজের অনুসন্ধানে জানা যায় ওসমান গনি নিজেই একাধিক গাড়ি ব্যবহার করছেন!

সম্প্রতি গাড়ি কেলেঙ্কারির কারণে জ্বালানী প্রতিমন্ত্রীর পদত্যাগের পর বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তাদের ব্যবহৃত বিভিন্ন প্রকল্পের কয়েকশ’ গাড়ি পরিবহন পুলে জমা দিয়েছেন।

জানা যায়, নিয়ম লঙ্ঘন করে সংস্থাপন সচিব নিজ নামে বরাদ্দের অতিরিক্ত দুইটি গাড়ি ব্যবহার করছেন। এ ছাড়া স্বরাষ্ট্র সচিব অতিরিক্ত একটি, সংস্থাপন সচিবের একান্ত সচিবও অতিরিক্ত আরেকটি গাড়ি ব্যবহার করছেন।

সচিব পর্যায়ের কর্মকর্তাদের নামে সরকারিভাবে একটি করে গাড়ি বরাদ্দ রয়েছে। প্রতি মাসে এই গাড়ি চালানোর জন্য ২০০ লিটার জ্বালানি তেল বরাদ্দ দেওয়া হয়।

কিন্তু কর্মকর্তারা নিয়ম বহিভূর্তভাবে অতিরিক্ত গাড়ি পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই গাড়ির জ্বালানি তেলের খরচ নিয়ে থাকেন।

একটি সূত্র জানায়, সংস্থাপন সচিবের নামে বরাদ্দ রয়েছে একটি নিশান সানি গাড়ি। কিন্তু তিনি ব্যবহার করছেন আরো একটি পাজেরো গাড়ি। স্বরাষ্ট্র সচিবের নামেও বরাদ্দ রয়েছে একটি নিশান সানি। কিন্তু তিনি আরেকটি পুলিশের পাজেরো জিপ ব্যবহার করছেন।

১৯৯৭ সালে তৎকালীন সংস্থাপন সচিব ড. শাহ মোহাম্মদ ফরিদ একাধিক গাড়ি ব্যবহার করতেন। এরপর থেকেই এই মন্ত্রণালয়ের যারাই সচিব হন, তারাই একাধিক গাড়ি ব্যবহার করে অনিয়মকেই বানিয়েছেন নিয়মিত নিয়মে।

সূত্র আরো জানায়, এর আগে সংস্থাপন সচিব হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, তারা একটির বেশী গাড়ি ব্যবহারের ক্ষেত্রে অন পেমেন্ট হিসেবে সংশ্লিষ্ট বিভাগ থেকে গাড়ি ভাড়া নিতেন।