২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ঢাবি’র ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার ২০০৫-০৬ সালের অর্থবছরে ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। গত অর্থবছরের চেয়ে এ বছর বাজেটে ছয় কোটি টাকা বেশী বরাদ্দ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এ বছরের প্রস্তাবিত বাজেটে ৯৭ দশমিক ৮৫ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। এতে বাকি ১০ দশমিক ৮৫ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ উৎস থেকে আদায় করার প্রস্তাব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যাক্ষ সৈয়দ রাশিদুল হাসান বিডিনিউজকে জানান, এবারের বাজেটে শিক্ষার্থীদের ওপর কোনো বর্ধিত ফি ধার্য করা হয়নি ।

ঢাবি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে বাজেটে বরাবরই একটা বড় অংশ বরাদ্দ দেওয়া হয় শিক্ষকদের বেতন ভাতা এবং পেনশন খাতে। ফলে শিক্ষা খাতে বরাদ্দ যায় কমে। গত বছর বাজেটে পেনশন ও শিক্ষক ভাতা খাতে ৭২ শতাংশ। এ বছরেও এই খাতে ওই একই বরাদ্দ থাকছে।

এদিকে গুরুত্বপূর্ণ গবেষণা খাতে বরাদ্দ এ বছরও খ্বু একটা বাড়ছে না। গত কয়েক বছর ধরেই এ খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে মোট বাজেটের এক শতাংশেরও কম।

বিশ্ববিদ্যালয়ের গত পাঁচ বছরের বাজেট পর্যালোচনা করে দেখা যায়, শিক্ষা খাতে প্রকৃত খরচের খাত খুব একটা ওঠানামা করছে না। বাজেটে শিক্ষা খাতে প্রকৃত খরচ ছিলো যথাক্রমে, ২০০১-০২ সালে ১০ দশমিক ১৮, ২০০২-০৩ সালে নয় দশমিক ৪৫, ২০০৩-০৪ সালে ১৩ দশমিক ৮৭ এবং ২০০৪-০৫ সালে ১১ দশমিক ৫৭ শতাংশ।

ঢাবি কোষাধ্যাক্ষ অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান জানান, ২০০৫-০৬ সালে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ থাকছে ১৩ শতাংশ।

জানা যায়, শিক্ষা সহায়ক খাতে শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বরাদ্দ প্রায় তিন কোটি ৯৩ লাখ টাকা থেকে এ বছর বেড়ে হচ্ছে চার কোটি ২৪ লাখ টাকা। তবে একই বরাদ্দ থেকে যাচ্ছে শিক্ষা সহায়ক প্রকৃত খরচ খাতে।

এ বছর বাজেটে সান্ধ্যকালীন বিভিন্ন কোর্সেও শারীরিক শিক্ষা কার্যক্রম শুরু করা হতে পারে। এ খাত থেকে বিশ্ববিদ্যালয়ের আয় বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।