এইডস এর বিরেুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সাংসদরা প্রচারণা চালাবেন
বাংলাদেশে এইচআইভি/এইডস’র বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে তাদের স্ব স্ব নির্বাচনী এলাকায় সচেতনতা সৃষ্টি কার্যক্রম চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সংসদ সদস্যরা। রোববার হোটেল শেরাটনে এইডস এবং মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ পার্লামেন্টারি মেম্বারস’ সাপোর্ট গ্রুপ (বিপিএমএসজি) আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে তার এই প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ও বিপিএমএসজি চেয়ারম্যান আখতার হামিদ সিদ্দিকি এমপি। অন্যান্যের মধ্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক এম আমানুল্লাহ এমপি, হুইপ এবং বিপিএমএসজি’র ভাইস চেয়ারপারসন মোহাম্মদ আশরাফ হোসেন এমপি, বিরোধী দলীয় প্রধান হুইপ ও বিপিএমএসজি’র ভাইস চেয়ারপারসন প্রিনসিপ্যাল আব্দুস শহিদ এমপি, মশিউর রহমান এমপি এবং শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস এমপি বক্তব্য রাখেন।
আক্তার হামিদ সিদ্দিকি বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যের তত্বাবধায়নে এইডস প্রতিরোধে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে।
তিনি এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের ওপর থেকে কলংক ও বৈষম্য দুর করতে নতুন আইন প্রনয়ন ও নীতি পরিবর্তনের জন্য সমন্বিত কর্মসুচির প্রতিও গুরুত্বারোপ করেন।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশে ১৩ হাজারেরও বেশি লোক এইচআইভিতে আক্রান্ত। তিনি এইডস প্রতিরোধে রাজনৈতিক নেতাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার দাবি করেন।
ব্যারিস্টার মওদুদ আহমেদ জাতীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা কর্মসুচি এবং দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
তিনি বলেন, প্রয়োজনে এইডস প্রতিরোধে আমরা আইন প্রনয়ন করবো।
স্থানীয় সরকার, প্রতিনিধি ও মসজিদসমুহের ইমামদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এইডস এর কারণে লজ্জাজনক দিক ও সামাজিক প্রতিবন্ধকতা দুর করতে পদক্ষেপ নেয়ার প্রতি সাংসদরা পরামর্শ দেন।
