জাপানী রাষ্ট্রদূতের বিশ্বখাদ্য কর্মসূচীর জরুরী সময়কালীন কার্যক্রম পরিদর্শন
বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত মাৎসুশিরো হোরিগুচি বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ এলাকার অতি দরিদ্র পরিবারগুলোকে সহায়তা দিতে বিশ্বখাদ্য কর্মসূচীর চলমান পূর্নবাসন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।
শনিবার তিনি সিরাজগঞ্জের সায়েদাবাদ ইউনিয়নে বিশ্বখাদ্য কর্মসূচীর “রিকভারী ফেইজ”-এর কার্যক্রম ঘুরে দেখেন এবং ‘ফ্লাড রিকভারি ইমারজেন্সি অপারেশন’ (ইএমওপি)-এর আওতায় চাউল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
জাপান সরকার গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে সম্প্রতি এ কার্যক্রমে ১২ হাজার ৫২৮ মেট্রিক টন চাল প্রদান করে। সাহায্য হিসেবে পাওয়া ওই পরিমান চাল সম্প্রতি সিরাজগঞ্জসহ ছয়টি জেলায় বিতরণ করা হচ্ছে।
গত বছরের জুলাই মাসে বন্যার অব্যবহিত পরেই বিশ্বখাদ্য কর্মসূচী চার ধাপবিশিষ্ট ইএমওপি কর্মসূচী হাতে নেয়। এর প্রথম ধাপে গত বছরের আগষ্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫০ লাখ মানুষকে রিলিফ কার্যক্রমের আওতায় আনা হয়। পরবর্তী ধাপগুলোতে আরও অধিক সংখ্যক অতি দরিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়।
এছাড়াও বিশ্ব খাদ্য কর্মসূচীর ভিজিডি কার্যক্রমে জাপান সরকার ৬ হাজার মেট্রিক টন গম প্রদান করেছে। গত বছরও জাপান সরকার ২ হাজার মেট্রিক টন চাল প্রদান করে। তাছাড়া কক্সবাজারের শরণার্থীদের জন্য চলমান কার্যক্রমেও জাপান সরকার সাহায্য প্রদান করেছে।
জাপানী রাষ্ট্রদূত এ কার্যক্রমের আওতায় নারী-প্রধান পরিবার, অন্তঃস্বত্ত্বা মহিলা, বুকের দুধ পান করাচ্ছেন এমন মহিলা, তিন বছরের কম বয়সের শিশু এবং প্রাথমিক স্কুলগামী শিশুদের সহায়তা প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, বিশ্বখাদ্য কর্মসূচীর ইএমওপি কার্যক্রমে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। এ সহায়তা দরিদ্র জনগোষ্ঠিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।
এর আগে সিরাজগঞ্জ যাওয়ার পথে রাষ্ট্রদূত টাঙ্গাইলের মির্জাপুরে একটি বিস্কুট ফ্যাক্টরি পরিদর্শন করেন। এখানে বিশ্বখাদ্য কর্মসূচীর জন্য ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টি-বিস্কুট তৈরী করা হয়। বিশ্বখাদ্য কর্মসূচী তার স্কুল ফিডিং/শিক্ষার জন্য পুষ্টি-কার্যক্রমের আওতায় সকালের নাস্তা হিসাবে স্কুলগামী শিশুদের মাঝে এ বিস্কুট বিতরণ করে।
জাপানী রাষ্ট্রদূত সিরাজগঞ্জের একটি পুষ্টি কেন্দ্র এবং পুষ্টি আটা তৈরীর কারখানাও পরিদর্শন করেন।
বিশ্বখাদ্য কর্মসূচির বাংলাদেশ প্রতিনিধি ডগলাস ক্যাসন কুটস্ এ সময় জাপানী রাষ্ট্রদূতের সাথে ছিলেন।
