২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক তিনবিঘা করিডোর হস্তান্তরের ত্রয়োদশ বার্ষিকী পালিত হচ্ছে

ঐতিহাসিক তিনবিঘা কড়িডোর হস্তান্তরের ত্রয়োদশ বার্ষিকী রোববার পালিত হচ্ছে। এ দিনটি বহুল আলোচিত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার ২০ হাজার অধিবাসীর মুক্তি ও আনন্দের দিন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 01:01 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

দিবসটি পালন উপলক্ষে ছিটমহলবাসী অন্যান্য বছরের মতো এবার ব্যাপক কর্মসূচি হাতে নেয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে করিডোরের উভয় পাশে জাতীয় পতাকা উত্তোলন, তিনবিঘা করিডোরের গেট সার্বক্ষণিক খোলা রাখা, বর্ণাঢ্য র‌্যালি। বিকালে ছিটমহলের বঙ্গেরবাড়ি হাইস্কুল মাঠে আলোচনা-সভা, কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

১৩ বছর আগে ১৯৯২ সালের ২৬ জুন ভারত আনুষ্ঠানিকভাবে তিনবিঘা করিডোর বাংলাদেশের কাছে হস্তান্তর করে।

করিডোরটির দৈর্ঘ্য ১৭৮ মিটার এবং প্রস্থ ৮৫ মিটার। ভূখণ্ডটির দু-দিকে রয়েছে দুটি বিশাল আকারের লোহার গেট। মাঝখানে ট্রাফিক পয়েন্ট। এগুলো ভারতীয় পুলিশ ও সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) নিয়ন্ত্রণ করে।

স্বাধীনতা-উত্তর ১৯৭৪ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মজিবুর রহমানের মধ্যে সম্পাদিত ভারত-বাংলাদেশ চুক্তিতে তিনবিঘা করিডোর হস্তান্তরের কথা থাকলেও তা দীর্ঘকাল ধরে বাস্তবায়িত হয়নি।

১৯৯২ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসীমা রাওয়ের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী ওই বছরেই ২৬ জুন ছিটমহলের অধিবাসীদের বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন ও যাতায়াতের জন্য তিনবিঘা করিডোর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। গেটটি প্রথমে ১ ঘন্টা পরপর সারাদিনে ৬ ঘন্টা এবং এরপর ৮ ঘন্টা ও পরে ১২ ঘন্টা খোলা থাকে। কিন্তু ভারতের গেটটি পুরোপুরি বন্ধ থাকে না।

১৯৪৭ সালের পর থেকে দহগ্রাম-আঙ্গরপোতার ২০ হাজার অধিবাসী যে অবরুদ্ধ জীবন কাটাচ্ছিল, ১৯৯২ সালে ২৬ জুন দুর্দশার সমাপ্তি ঘটে। বর্তমানে সেখানে নেমে এসেছে স্বস্তি, শান্তি ও স্থিতিশীলতা।

এজন্য দহগ্রামবাসী প্রতিবছর দিনটিকে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল মুক্ত দিবস হিসেবে পালন করে থাকে।