৫৫ শতাংশ লোক মনে করেন নতুন বাজেট ভালো হয়নি
প্রস্তাবিত ২০০৫-০৬ অর্থ বছরের বাজেটকে ‘মন্দ’ বলেছেন ৫৫ শতাংশ মানুষ। শনিবার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমুন্নয় পরিচালিত একটি মতামত জরিপের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।
জরিপে অংশগ্রহনকারীদের মধ্যে ২৮ দশমিক ০৬ শতাংশ বাজেটকে ‘ভালো’ এবং ১৭ শতাংশ ‘মোটামুটি’ বলে তাদের মতামত দিয়েছেন।
তিন চতুর্থাংশ মনে করেন বাজেট ঘোষণার ফলে জিনিস পত্রের দাম কমেনি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৫ দশমিক ৮৫ শতাংশ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার পক্ষে মত দিয়েছেন। তারা পেট্রল ও কেরোসিনের মূল্য কমানোর কথাও বলেছেন। ৩৫ শতাংশ বলেছেন বাজেট ঘোষণার পর চাল, তেল ও ডালের মূল্য বৃদ্ধি পেয়েছে।
জরিপে দেখা গেছে, বাজেট ঘোষণার পর সবজির দাম কমেছে এমনটা মনে করেন খুব সংখ্যক অশগ্রহণকারী।
৩৪ দশমিক ৪৯ বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বতির সাথে তাদের তাল মিলিয়ে চলাটা কঠিন হবে, কারণ তাদের আয় বাড়েনি। জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়বহনের মত কোন বিকল্প তাদের নেই বলে জানিয়েছেন। অতিরিক্ত ব্যয় পুষিয়ে নেয়ার জন্য ২৮ দশমিক ৮৯ শতাংশ প্রতিদিনের খাবার কম খাওয়া এবং ৩৬ দশমিক ৭৬ শতাংশ বেশি পরিশ্রম করার পক্ষে মত দিয়েছেন।
ঢাকা বিভাগের চারটি জেলার ২৫৩ জন কৃষক, রিক্সাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে এই জরিপ চালায় সমুন্নয়।
