অধ্যাপক সিতারার মরদেহ দেশে আসছে সোমবার, শোক বিহ্বল পরিবার
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সিতারা পারভীনের মরদেহ সোমবার রাত ৩ টায় বিমানের বিজি-০১২ ফ্লাইটে দেশে আনা হচ্ছে।
পরে তার মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমাগারে।
নিহতের ভাসুর, বিশিষ্ট নাট্যাভিনেতা আসাদুজ্জামান নূর বিডিনিউজকে জানান, অধ্যাপক সিতারার লাশ জুলিয়েট প্রভিনা সেন্ট যোসেফ হাসপাতালের মর্গ থেকে নর্থ ইস্টার্ন এয়ারলাইন্সে করে নিউ ইয়র্ক পৌঁছাবে।
ওই একই সড়ক দুর্ঘটনায় আহত অধ্যাপক সিতারার বোন শাহানা পারভীন সুস্থ রয়েছেন। তার স্বামী মিশেল স্মিথের অবস্থাও এখন উন্নতির দিকে।
আসাদুজ্জামান নূর জানান, শোকে মুহ্যমান তার ছোটভাই ও নিহতর স্বামী অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর সাথে এখনও লাশ দাফন করার তারিখ নির্ধারণ সংক্রান্ত আলোচনা হয়নি।
মরহুমা সিতারা পারভীনের মাতা ও ছোট বোন জামাতা লন্ডন থেকে মঙ্গলবার বিকালে ঢাকা পৌঁছানোর পর জানাযা ও দাফন সম্পন্ন করা হবে। তবে এখনও মেয়ের মৃত্যুর সংবাদ দেওয়া হয়নি তার মাকে।
শিকাগোতে বাংলাদেশ সময় শুক্রবার এক মটরগাড়ি দুর্ঘটনায় অধ্যাপক সিতারা নিহত হন।
অধ্যাপক সিতারার গুলশানের বাসায় গিয়ে দেখা যায়, নিহতর বাবা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ মেয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কারো সঙ্গেই দেখা করছেন না।
কেমন আছেন, এই প্রশ্নের জবাবে শোকে হতবিহ্বল সাহাবুদ্দিন আহমেদ নির্বাক তাকিয়ে থাকেন সবার দিকে।
সিতারা পারভীনের একমাত্র মেয়ে এষা শ্রাবণী শোকে একেবারেই ভেঙে পড়েছেন। মায়ের ঘরেই অধিকাংশ সময় কাটছে তার। মায়ের ছবি হাতে নিয়ে এষা এখন একেবারেই নিথর।
