২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার শিগগিরই বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া শুরু করবে

বাংলাদেশের বিভিন্ন খাতে কাতারের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তারা বাংলাদেশ থেকে যে কোনও সময় দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নেয়া শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান এর সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবদুল্লাহ আল-মাহমুদ শনিবার এক আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, তারা ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে, যে কোনও সময় বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া আবার শুরু করবে।

আবদুল্লাহ আল-মাহমুদ বলেন, প্রতিটি ক্ষেত্রেই আলোচনা খুব সফল হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বেশ কয়েকটি চুক্তির ব্যাপারে একমত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সাংবাদিকদের বলেছেন, দ্বৈতকর পরিহার করে উভয় পক্ষই বিনিয়োগের লক্ষ্যে একটি চুক্তি করবে। তিনি আরও বলেন, কাতারে জনশক্তি রপ্তানি করতে নতুন করে কোনও চুক্তির দরকার হবে না।

বাংলাদেশ থেকে কতজন শ্রমিক নেওয়া হবে এ প্রশ্নের জবাবে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি এখন সংখ্যাটা বলতে পারছি না, কিন্তু এটা বেশ বড় অঙ্কেরই হবে।’

প্রায় দেড় ঘন্টার বৈঠকে উভয় পক্ষই জনশক্তি, বিমান, বিনিয়োগ, জ্বালানী, স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। আনুষ্ঠানিক আলোচনার আগে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোরশেদ খানের সাথে তার কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন।

মোরশেদ খান বলেন, কাতার এয়ারওয়েজ শিগগিরই ঢাকা-দোহার মধ্যে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে।

অদূর ভবিষ্যতে কাতার বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্টে স্বাগতিক হওয়ায় ওই ইভেন্টগুলোতে জনশক্তির জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ।

তিনি বলেন, উভয় পক্ষই বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একমত পোষণ করেছে। মোরশেদ খান বলেন, কাতার বাংলাদেশ থেকে সিমেন্ট আমদানি করবে এবং আইটি খাতেও অবদান রাখতে পারে।

খান সম্প্রতি কাতারের আমির শেখ খালিদ বিন খালিফা আল থানি’র ঢাকা সফর ও দোহায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাউথ সাউথ সম্মেলনে যোগ দেওয়ার কথা উল্লেখ করেন।

বর্তমানে কাতারে ৫০ থেকে ৫৫ হাজার বাংলাদেশী অবস্থান করছে।