রাবি’র ৫৪৬ কর্মচারি নিয়োগের স্থগিতাদেশ হাইকোর্টে বহাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫৪৬ জন কর্মচারির নিয়োগ ও বেতন প্রদান স্থগিত করে রাজশাহী সহকারী জজ যে আদেশ দিয়েছেন হাইকোর্ট তা বহাল রেখেছেন।
বিচারপতি মোহাম্মদ আব্দুল আজিজ সমন্বয়ে একটি হাইকোর্ট বেঞ্চ শনিবার এ বহাল আদেশ দেন।
বিশ্ববিদ্যালয়ের নীতিমালা না মেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৪ সালের ১৫ এপ্রিল ৫৪৬ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগ দেয়।
এরপর রাজশাহী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবু আসলাম জনস্বার্থ আইনে রাজশাহীর সহকারী জজ আদালতে ওই কর্মচারিদের নিয়োগ ও বেতন বন্ধ দাবি করে একটি মামলা দায়ের করেন।
২০০৪ সালের ২৩ জুন সহকারী জজ তাদের নিয়োগ ও বেতন বন্ধ করার নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ আদেশের বিরুদ্ধে রাজশাহীর অতিরিক্ত জজ আদালতে একটি আপিল করে। অতিরিক্ত জজ ২০০৪ সালের ১৪ জুলাই সহকারী জজের দেয়া স্থগিতাদেশ খরিজ করে দেন।
পরে অ্যাডভোকেট আবু আসলাম অতিরিক্ত জজের দেয়া আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন।
২০০৫ সালের ২ জানুয়ারি হাইকোর্ট অতিরিক্ত জজ আদালতের দেয়া আদেশের ওপর ছয় মাসের অন্তরবর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। একই সাথে হাইকোর্ট অতিরিক্ত জজ আদালতের আদেশ কেন অবৈধ হবে না তা জানিয়ে অতিরিক্ত জজের প্রতি একটি কারণ দর্শাণো নোটিশ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত করতে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং হাইকোর্টে পিটিশনের শুনানির দিন ধার্য করে দেন।
দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট শনিবার সহকারী জজ আদালতের আদেশ বহাল রাখেন।
অ্যাডভোকেট আবু আসলামের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এমআই ফারুকী। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু ও অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন খান রেজা। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এএফ হাসান আরিফ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট এমএ সোবহান।
