২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ জুন প্রধানমন্ত্রী নগরীর নতুন ৬টি থানার উদ্বোধন করবেন

রাজধানীর থানাগুলোর ওপর থেকে চাপ কমাতে আরও ছয়টি নতুন থানা প্রতিষ্ঠা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ২৭ জুন চীন-বাংলাদেশ মৈত্রী কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে থানাগুলোর উদ্বোধন করবেন।

এই থানাগুলো উদ্বোধন করা হলে রাজধানীতে থানার সংখ্যা হবে ২৮টি।

নতুন যে থানাগুলো প্রতিষ্ঠা করা হবে সেগুলো হল বৃহত্তর ধানমন্ডি এলাকার নিউমার্কেট, পল্টন, মিরপুর এলাকার শাহ আলী, টঙ্গী এলাকার তুরাগ, বিমানবন্দর এলাকার খিলক্ষেত এবং মোহাম্মদপুরের আদাবর।

নগরীতে অপরাধ দমন ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫১টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, নতুনভাবে প্রতিষ্ঠিত প্রতিটি থানায় ইন্সপেক্টর এবং সাবইন্সপেক্টরসহ ৭০জন পুলিশ সদস্য থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, রাজধানীতে প্রতিবছর বসতির পরিমান বেড়ে যাওয়ায় নতুন থানার প্রয়োজনিয়তা দেখা দিয়েছে।

তিনি বলেন, নতুন ছয়টি থানার মধ্যে দুটি নিজস্ব ভবনে, দুটি ভাড়া করা ভবনে এবং দুটি গণপূর্ত বিভাগ ভবনে স্থাপন করা হবে।