মাদক বিরোধী দিবস রোববার
মানুষকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কবল থেকে রক্ষা করতে জাতিসংঘের উদ্যোগে ২৬ জুন রোববার বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস।
দিবসটি পালন উপলক্ষে গৃহীত হয়েছে নানা কর্মসূচি। জাতীয় জাদুঘর মিলনায়তনে বিকেল ৪টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে থাকছে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিশেষ অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন থাকছেন।
ঢাকা আহছানিয়া মিশনের মাদক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ‘নিজেকে মূল্যায়ন করুন, মাদকমুক্ত সুস্থ জীবন গড়ুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
পুলিশের সাবেক আইজি ও আইন কমিশনের সদস্য ড. এম এনামুল হক প্রধান অতিথি এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক কামালউদ্দিন আহমেদ এতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এক বাণীতে বলেন, বিশ্বব্যাপী মাদকের অপব্যবহার এবং চোরাচালানের থাবায় সভ্যতা আজ সংকটের মুখোমুখি। কোন দেশই এর বিপজ্জনক প্রভাব থেকে মুক্ত নয়। বিশেষ করে আমাদের মত উন্নয়নশীল দেশগুলো মাদক চোরাচালানের পথ এবং বাজার হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাদকের শিকার হচ্ছে মুলত এসব অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী।
তিনি বলেন, সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে মাদকাসক্তি অন্যতম প্রতিবন্ধক। বিশেষ করে যুবসমাজের জীবন মাদকের প্রভাবে দুর্বিসহ হয়ে উঠে। এ অবস্থা থেকে মুক্তির জন্য প্রয়োজন যুবসমাজের জন্য শিক্ষা, পারিবারিক ও সামাজিক উদ্যোগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
বিরোধী দলীয় নেতা বলেন, আওয়ামী লীগ সরকার মাদক বিরোধী অবস্থান গ্রহণ করে যুবসমাজের কর্মসংস্থানের উদ্যোগ নেয়ায় মাদকাসক্তির সমস্যা অনেক কমে এসেছিল। তিনি বলেন, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে আজ প্রয়োজন মাদকাসক্তির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি। মাদকাসক্তদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা।
শেখ হাসিনা সরকারি ছত্রছায়ায় মাদকের চোরাচালান ও ব্যবহার বন্ধেরও দাবি জানান।
