রোববার শহীদ জননী জাহানারা ইমামের ১১তম মৃত্যুবার্ষিকী
রোববার শহীদ জননী জাহানারা ইমামের ১১ তম মৃত্যুবার্ষিকী । দিবসটি পালন উপলক্ষ্যে সারাদেশের বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গনমুক্তি এবং জাতীয় সম্পদ রক্ষা সমিতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা।
শহীদ জননী জাহানারা ইমাম একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন।
জাহানারা ইমাম (১৯২৯-১৯৯৪) ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।
জাহানারা ইমামের আত্মজীবনীমূলক লেখা ‘একাত্তরের দিনগুলি’ বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অসাধারণ দলিল। ১৯৮৬ সালে প্রকাশিত বইটি সারাদেশে ব্যাপক সমাদৃত হয়।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিজের সন্তান রুমিকে হারান তিনি। পরবর্তীতে ৯০’ এর দশকে স্বাধীনতা বিরোধী ঘাতক, দালাল, রাজাকার ও আল-বদরদের বিচারের দাবিতে আন্দোলনের অগ্রভাগে ছিলেন তিনি। এরই প্রেক্ষিতে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়। ১৯৯২ সালের ২৬ মার্চ ঘাতক দালাল নির্মূল কমিটি ‘গণআদালতে’ যুদ্ধাপরাধীদের প্রতিকী বিচার সম্পন্ন করে।
১৯৯৪ সালের ২৬ জুন ক্যান্সার আক্রান্ত হয়ে এই মহিয়সী নারীর মৃত্যু হয়।
