সরকারি গাড়ি থেকেই কালো ধোঁয়া নির্গমন বেশি হচ্ছে: যোগাযোগ মন্ত্রী
যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, সরকারি যানবাহন থেকেই কালো ধোঁয়া নির্গমন বেশি হচ্ছে যা সড়ক নিরাপত্তা ও পরিবেশ দূষণের অন্যতম কারণ।
যোগাযোগ মন্ত্রণালয়েরর সম্মেলন কক্ষে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে শনিবার তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ যথাযথ দায়িত্ব পালন ও ট্রাফিক আইন প্রয়োগ না করায় যত্রতত্র গাড়ি পার্কিং হচ্ছে এবং পথচারীরা ফুটওভার ব্রীজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করছে না।
বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি যানবাহনসমূহ সিএনজিতে রূপান্তরকরণ এবং নতুন যানবাহন দিয়ে প্রতিস্থাপনের মাধ্যমে পরিবেশ দূষণকারী পুরাতন লক্কর ঝক্কর যানবাহন তুলে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়াও বৈঠকে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স পাঞ্চিং করার বিধানসহ যানবাহনে বিজ্ঞাপন ব্যবহারের ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাজাহান খান, যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, বিআরটিএ চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ঢাকা সিটি করপোরেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্যবৃন্দ।
