অবহেলিত গাছকাটা শ্রমিকদের করুণ কাহিনী
সারা দেশে ‘স‘ মিলগুলোতে হাজার হাজার শ্রমিক কাজ করে। এদেরই একটা অংশ ‘‘ গাছ ফালটি করার দল ও পাঠনি করার দল” যারা কাজ করেও তেমন মজুরী ও সম্মান পাচ্ছে না। অথচ বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণে কি নিদারুন তাদের কষ্ট!
সেই কাক ডাকা ভোরে উঠে মিল চালু করার পূর্বেই শ্রমিকদের কাটার জন্য বাছাই করা গাছগুলি থেকে ছাল তুলে দিতে হয়। এছাড়াও গোল গাছগুলিকে বাইমারের সাহায্যে চেঁছে বা পাঠানি করে দিতে হয়। কখনও কখনও আবার বড় গাছগুলোকে করাত দিয়ে কেটে দিতে হয় । যাকে গাছ ফালটি করা বলে। গাছ কেটে ‘স’ মিলে নিয়ে গিয়ে প্রয়োজন মতো কাঠ তৈরী করা হয়।
জানা যায়, পাঠানি করার দল এসব কাজের বিনিময়ে যৎসামান্যই অর্থ পায়। এছাড়া তারা গাছের ছাল, ভূষি এবং কিছু ছোট ছোট কাঠ পায়। এগুলো তারা শুকিয়ে খড়ি আকারে বাজারে বিক্রি করে সংসার চালায়।
এ ব্যাপারে জামালপুর সদর উপজেলার সোলাইমান নবীর ‘‘স” মিলে কর্মরত শ্রমিক শাহবাজপুর চাঁনপারা গ্রামের আশরাফ আলী (৩৫) বিডিনিউজকে বলেন, সেই কবে যে গাছ ফালটি করার লোহার যন্ত্র হাতে নিয়েছি তা আর এখন মনে পড়ে না। এখানে এক এক দলে ৪ জন করে কাজ করে। মূলত বড় গাছগুলিকে করাত দিয়ে কেটে দেওয়ার জন্য এই চার জনের দলকে দেয়া হয় ৫০০ থেকে ৬০০ টাকা।
এক দিনে ২ থেকে ৩ টার বেশী গাছ তারা কাটতে পারে না। এ ব্যাপারে মালিকের সাথে তাদের চুক্তি হয় কয়টা গাছ কাটলে কত টাকা দিবে। তবে ১০ দিন কাজ করলে ৪ জনের দলের প্রত্যেকে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করে। এছাড়াও কাঠের অবশিষ্টাংশ থেকে ১০০ টাকা পায় বলে জানালেন । এসব কাজে কারো ছুটি নেই, অভিযোগ করারও জায়গা নেই । মালিকের মর্জির উপর শ্রমিকের আয় নির্ভর করে। এছাড়া গাছ কাটার প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন করাত, বাইশলা, ফাইল এবং সাংগাল কিনতে হয় নিজেদেরকেই। দুর্ঘটনা ঘটলে মালিক পক্ষের কোন দায় থাকেনা।
তারপরও হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহের জন্য এ পেশাকে বেছে নিয়েছে।
এদের দিকে চোখ তুলে তাকাবার কোন সময় বা সদিচ্ছা কারোরই নেই। গাছের মালিক, মিলের মালিক কিংবা সরকারও কখনও এসব শ্রমজীবিদের কথা ভেবে দেখেননি।
তবে আর কত দিন নিরবে, নিভৃতে অবহেলায় গাছ কাটা শ্রমিকদের জীবন অতিবাহিত হবে?
