পৃথক সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ৮ আহত ৯
সারাদেশে পৃথক সড়ক দূর্ঘটনায় শুক্রবার আটজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছে।
বিডিনিউজ মাগুরা প্রতিনিধি জানান, দুপুর ১টার দিকে মাগুরা-নড়াইল সড়কের পাল্লা নামক স্থানে বরযাত্রীবাহী টেম্পুর সঙ্গে বিপরীতমুখী বাসের সংঘর্ষে চারজন নিহত এবং দুইজন আহত হয়।
নিহতরা হলো-ইসলাম বিশ্বাস (৬০), মহম্মদ (৫৯), চান মিয়া (২৫) এবং কাবুল (২২) নিহত হয়। এছাড়াও দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার চাঁদপুর গ্রামের তুফান বিশ্বাসের ছেলে মুরাদের বিয়ের বরযাত্রী হিসেবে টেম্পু আরোহীরা কনের বাড়িতে যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসসহ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
বিডিনিউজ মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া মধ্যকান্দি নামক স্থানে মাইক্রোর চাকায় পিষ্ট হয়ে পথচারী অজ্ঞাতনামা এক ব্যক্তি (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয় নি। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল –ঢাকা মহাসড়কের মির্জাপুরে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত ও সাতজন আহত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে ধল্লার কাছে পাকুল্লাগামী একটি জীপের (চট্ট মেট্রো-খ-০২৫৭) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (পাবনা-ট-১১-০০২৬) মুখোমুখি সংঘর্ষে জীপ চালক শফিক (৩৫) ঘটনাস্থলেই মারা যায়। আহত চারজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে নাইম (৭) মারা যায়।
তার বাড়ি মির্জাপুরের গোড়াইল গ্রামে।
নিহত জীপ চালকের বাড়ি দেলদুয়ার উপজেলার ধামকী গ্রামে। বিকাল সাড়ে ৩ টায় একই স্থানে এম্বুলেন্স দুর্ঘটনার চারজন আহত হয়।
অন্যদিকে বিকাল ৩ টার দিকে সোহাগ পাড়ায় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বাসের চাপায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি মারা যায়।
