২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলায় আবারও বিস্ফোরণ

কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সেস ও রাষ্ট্রনিয়ন্ত্রিত বাপেক্স’র যৌথভাবে পরিচালিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে শুক্রবার আবারও বিস্ফোরণ ঘটেছে। ভোররাত ২ টা ৪০ মিনিটে এই বিস্ফোরণ ঘটলেও অগ্নিকান্ডের সূত্রপাত হয় দুপুর ১ টা ৫ মিনিটে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন নিরাপদ স্থানে সরে গেছে। নাইকোর পক্ষ থেকে বিপদ সংকেত বাজিয়ে লোকজনদের দুই কিলোমিটার দূরে সরে যেতে পরামর্শ দেওয়া হয়। দুর্ঘটনার পর নাইকো এবং রিগ কোম্পানি পারকারের সকল কর্মকর্তা-কর্মীও ঘটনাস্থল ত্যাগ করেছে। পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

এর আগে গত ৭ জানুয়ারি এই গ্যাসক্ষেত্রে বড় ধরণের বিস্ফোরণ ঘটে।

পরিস্থিতি পর্যবেক্ষণে জ্বালানি সচিব কেএমএম জাফর উল্লাহ খান এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাক্টশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম জামালউদ্দিন ঘটনাস্থলে রয়েছেন।

খননকালে নিয়োজিতরা এই দুর্ঘটনার কারণ নিয়ে স্পষ্ট করে কিছু না বললেও বিশেষজ্ঞরা বলছেন, রিলিফ কূপ খননে অনেক বিলম্বের কারণেই ছাতক গ্যাস ফিল্ডে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনা ঘটলো।

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছেন, এই ঘটনার কারণ অনুসন্ধানে দু’ একদিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি দুর্ঘটনার জন্য নাইকোর দায়দায়িত্ব নির্ধারণের পাশাপাশি বাপেক্স তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা সেটাও যাচাই করে দেখবে।

খননকাজে নিয়োজিত পারকারের সাথে ঘনিষ্ট একটি সূত্র বিডিনিউজকে জানায়, ভোররাত ১টা থেকে খনন এলাকার কেসিং এর ভেতর এবং বাহির দিয়ে গ্যাস বেরিয়ে আসতে শুরু করে। কাদার ঘনত্ব বাড়িয়ে গ্যাসের চাপ নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাত ২ টা ৪০ মিনিটে প্রথম দুর্ঘটনা ঘটে। এ সময় রিলিফ কূপে ৪৩৩ মিটার পর্যন্ত খনন করা হয়েছিলো। আগের দুর্ঘটনার কূপের মুখ বন্ধ করার জন্য ৩১ মে থেকে রিলিফ কূপ খনন করা হচ্ছিলো।

নতুন করে সংঘটিত দুর্ঘটনায় খননকাজে ব্যবহার করা কাদাসহ বালি এবং গ্যাস প্রচন্ড চাপে বেরিয়ে আসতে শুরু করে। তবে তখন বড় ধরণের আগুন ধরেনি। কিন্তু দুপুর ১ টা ৫ মিনিটের সময় আগুন ধরে যায়। বর্তমানে প্রবল বৃষ্টির মধ্যে আগুনের শিখা ৮০ থেকে ১২০ ফুট পর্যন্ত উচ্চতায় ওঠানামা করছে।

পারকার এবং নাইকোর জনবল এলাকা থেকে সরে গেলেও নাইকোর নিরাপত্তা প্রধান এবং কমিউনিকেশনের একজন কর্মকর্তা উত্তেজিত জনতার হাতে নাজেহাল হয়েছেন বলে জানা গেছে।

দুপরে অগ্নিকান্ড শুরু হওয়ার পর রিগসহ সকল যন্ত্রপাতি মাটির নিচে তলিয়ে গেছে অথবা আগুনে পুড়ে গেছে।

চলতি বছরের ৭ জানুয়ারি ছাতক গ্যাস ক্ষেত্রের টেংরাটিলায় খননের সময় প্রথম দুর্ঘটনা ঘটে। পরে এর কারণ নির্ধারণে গঠিত তদন্ত কমিটি এই দুর্ঘটনার জন্য নাইকোর ভুল খনন নকশা এবং বাপেক্সের মনিটরিং না থাকাকে দায়ী করে। প্রতিবেদনে বলা হয় দুর্ঘটনায় এক বিসিএফ গ্যাস পুড়ে গেছে।

আগের দুর্ঘটনার ক্ষতিপুরণ নির্ধারণের আগেই দ্বিতীয় দফা দুর্ঘটনা ঘটলো।

জ্বালানি সচিব কেএমএম জাফর উল্লাহ খান অবশ্য স্থানীয় জনগণকে আশ্বস্ত করেছেন তারা ক্ষতিপুরণ পাবেন।

বাপেক্স’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম জামালউদ্দিন বলেছেন, ২ / ৩ দিনের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।