বিসিপিএস’র নবম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন শুরু
মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে শুক্রবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস’র নবম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনব্যাপী এ সম্মেলনে ৩৫০ জন চিকিৎসক অংশগ্রহণ করছেন। সম্মেলনে চারটি গবেষণা প্রবন্ধের ওপর আলোচনা ও ঢাকা মেডিকেল কলেজে দু’দিন দু’টি কর্মশালা অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে প্রায় ৫০ লাখ ইউরোলজিক্যাল রোগী রয়েছে। তিনি এর চিকিৎসায় আরো বিশেষজ্ঞ গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং ঢাকা মেডিকেল কলেজের পাশাপাশি সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজে ইউরোলজি বিষয়ে এমএস কোর্স চালু করাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম এ ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব এ এফ এম সরওয়ার কামাল, বিএমএ’র সভাপতি অধ্যাপক এম এ হাদী, অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং অধ্যাপক আব্দুস সালাম।
