‘বাংলাদেশ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে’
বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হচ্ছে এবং ভারতে সন্ত্রাসী পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
এনডিটিভির এক রিপোর্টে বলা হয়, নয়াদিল্লীতে বাংলাদেশ ও ভারতের সচিব পর্যায়ের বৈঠকের পর বুদ্ধদেব ভট্টাচার্য এ মন্তব্য করেন।
পশ্চিম বঙ্গ রাজ্য সরকার সন্ত্রাসী এবং এদের অনুপ্রবেশের ইস্যুতে এই প্রথম কড়া অবস্থান নিলো।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ হতে ভারতের বিভিন্ন ইসলামী মৌলবাদী গ্রুপকে পরিচালনা করা হচ্ছে, ভারত থেকে জেহাদীদের নেয়া হচ্ছে এবং প্রচারণার জন্য মৌলবাদী নেতাদের পাঠানো হচ্ছে।
তিনি বলেন, উত্তরবঙ্গে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনাকারী উলফা এবং কেএলও বিচ্ছিন্নতাবাদীরা ঢাকায় আশ্রয় পাচ্ছে। যদিও ঢাকা এসব অভিযোগ অস্বীকার করেছে। সন্ত্রাসীদের অবস্থান ভারতীয় গোয়েন্দা সংস্থার জানা আছে বলেও তিনি উল্লেখ করেন।
বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কঠোর সমালোচনা করে বলেন, এই অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের
সীমান্তবর্তী জেলাগুলোর জনসংখ্যার চিত্রকে মারাত্মক প্রভাবিত করছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে সীমান্তবর্তী কিছু এলাকার জনসংখ্যায় ব্যাপক পরিবর্তন এসেছে। কিছু জায়গায় তাদের ভারতীয় হিসেবে গণ্যও করা হচ্ছে, যা খুবই মারাত্মক সমস্যা। ভবিষ্যতে এটা মানা হবেনা।
