বন্যায় রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার ৩৯ গ্রাম প্লাবিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টির কারনে সৃষ্ট বন্যায় রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার ৩৯টি গ্রামের বিস্তীর্র্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যা কবলিত মানুষ ও গবাদি পশুর দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সূত্র জানায়, গত দুই/তিন দিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টির কারনে তিস্তা ব্যারেজের পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের ধামুর, মাঝিপাড়া, দোলার পাড়, গান্নারপাড়, লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ, চর বিনবিনিয়া, চর জয়রামোঝা, সদর ইউনিয়নের ছালাপাক, চর রাজবল্লভ, মর্ণেয়া ইউনিয়নের কামদেব, চর আলাল, মীরের পাড়, ছোট রুপাই এবং কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার ধুমগাড়া, চতুরা, দালালহাট, মায়া বাজার, মেনাজ বাজার এলাকার নিমাঞ্চল, পলীমারী, নাজিরদহ, বকুলতলা চর, প্রানাথ চর, বালাপাড়ার ঢুষমারা, নিজপাড়া উত্তর অংশ, মধুপুরের গনাই হযরত খাঁ এবং পাঞ্জর ভাঙ্গা গ্রামের হাজার হাজার মানুষ।
এই দুই উপজেলার শত শত একর আমন বীজতলা ও সবজী ক্ষেত সহ অন্যান্য ফসল বানের জলে তলিয়ে গেছে।
গঙ্গাচড়ার ছালাপাক এলাকার একটি বাঁধের প্রায় পুরোটাই তিস্তাগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ঐ গ্রামের কয়েক হাজার মানুষ চরম আতংকের মধ্যে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গা বাঁধ মেরামতের কোনও ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় লোকজনকে বালির বস্তা দিয়ে বাঁধটি রক্ষার ব্যর্থ চেষ্টা করতে দেখা গেছে।
পানিবন্দি হাজার হাজার মানুষ বিশুদ্ধপানি, খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর জীবন যাপন করছে।
অন্যদিকে গরু-ছাগল, হাঁস-মুরগী নিয়েও বিপাকে পড়েছে বন্যা কবলিত মানুষেরা।
সূত্র জানায়, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার বন্যাকবলিত এলাকাসমূহ পরিদর্শন করলেও সময় মত প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা জুগাতে পারেননি। ফলে বন্যা কবলিত মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
