উত্তরবঙ্গে বন্যা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। রংপুর, গাইবান্ধা, নীলফামারী, সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য অংশ পানিতে তলিয়ে গেছে। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, ঘাগটসহ উত্তরবঙ্গের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার বন্যার পানিতে সড়ক ভেঙ্গে সিরাজগঞ্জ-কাজীপুর সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের শুভগাছা নামক স্থানে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। সেই সঙ্গে সদর উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়ে হয়ে যায়। সেখানে ২০ হাজার মানুষ পানিবন্দি আছে।
রংপুর প্রতিনিধি জানান, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার ৩৯টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ দুই উপজেলার শত শত একর আমন বীজতলা ও সবজি ক্ষেতসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে গঙ্গাচড়া উপজেলার হাজার হাজার মানুষ। তিস্তা ব্যারেজের পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে।
নীলফামারী প্রতিনিধি জানান, জেলার নিম্নাঞ্চল ও ৯৪টি দ্বীপচরে পানি প্রবেশ করায় প্লাবনের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে মারাত্মক ভাঙ্গন। গত ২৪ ঘন্টায় এক শ ২৫টি পরিবার ভিটেমাটি হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শহরের আশে-পাশের এলাকাসহ নিম্নাঞ্চলের পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গ্রামীণ সড়কগুলোর অবস্থা নাজুক, কোথাও কোথাও ডুবে গেছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ধরলা ফেরী ঘাটে ৪৭ সেমি, ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে ৬০ সেমি, দুধকুমারের নুনখাওয়া পয়েন্টে ১০ সেমি বৃদ্ধি পেয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার নিম্নাঞ্চলসহ পথঘাট ডুবে গেছে। সাদুল্লাপুর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৫টি ইউনিয়ন জলমগ্ন হয়ে পড়েছে। জেলার সাতটি নদীর মধ্যে চারটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঘাগট নদীর পানি বৃদ্ধি পেয়েছে ১২ সেমি। ডুবে গেছে শহরের কিছু কিছু সড়ক।
অন্যদিকে, শহর রক্ষা বাঁধের ১০টি স্থানে ভাঙ্গন দেখা দেওয়ায় শহরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
