নরসিংদী উপ-নির্বাচন প্রমাণ করেছে বর্তমান সিইসি’র অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না: বিরোধী দলীয় উপনেতা
জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেছেন, দেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস তারা হারিয়ে ফেলেছে।
জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতার কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তিনি সংসদে কর্নেল (অব.) আকবর হোসেনের বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস নেই বলেই তারা র্যাবকে দিয়ে নির্বাচন করাতে চায়। নির্বাচনে র্যাব জিতলে তারা পরোক্ষভাবে হলেও ক্ষমতার অংশ পাবে।
অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, জিয়া সামরিক শাসন দিয়ে ক্ষমতায় এসে বিএনপির রাজনীতি শুরু করেন। তারাই দেশের রাজনীতিকে নষ্ট করেছে, দূষিত করেছে।
নরসিংদী-১ উপ-নির্বাচনের চিত্র তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলের কাছে এমএ আজিজের কোনও গ্রহণযোগ্যতা নেই। এ নির্বাচনের মাধ্যমে তিনি নিজেকে নিরপেক্ষ হিসেবে প্রমাণ করতে পারতেন। কিন্তু তার নেতৃত্বে নরসিংদীর নির্বাচনে প্রার্থী নিজেই লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছেন। অথচ সিইসি ছিলেন নির্বিকার।
তিনি বলেন, ওই নির্বাচন প্রমাণ করেছে, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হবেনা।
বিরোধী দলের উপনেতা বলেন, বাজেট অধিবেশনে বাজেট নিয়ে আলোচনার পরিবর্তে বিরোধী দলের নামে কুৎসা রটানোর কারণে বিরোধী দল আওয়ামী লীগ এ অধিবেশন বর্জন করেছে। বিরোধী দল সংসদে না থাকলেও ক্ষমতাসীন দলের মন্ত্রী ও সাংসদরা বিরোধী দলের বিরুদ্ধে কুৎসা রটিয়ে যাচ্ছে। বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদে অসত্য বক্তব্য রাখা হচ্ছে।
তিনি বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনার ভিত্তিতে ভালো দিকগুলো অন্তর্ভুক্ত করে বাজেট পাস করতে হয়। কিন্তু সরকারি দলের যে মনোভাব, তাতে মনে হয়, আলোচনা যাই হোক, প্রস্তাবিত বাজেটই পাস করা হবে। তাই, এ অধিবেশনে বিরোধী দল আওয়ামী লীগের যোগদান প্রহসন ছাড়া আর কিছুই হতো না।
