২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একে-৪৭ এখন আবুল হোসেন!

একে-৪৭। রাশিয়ার তৈরী অত্যাধুনিক স্বয়ংক্রিয় এই অস্ত্র এখন রাজধানীর অনেক সন্ত্রাসীর কাছেই আছে। বুধবার পলাতক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগীদের কাছ থেকে একটি একে-৪৭ উদ্ধারের পর এই শঙ্কা জোরদার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

আন্ডারওয়ার্ল্ডে সন্ত্রাসীরা একে-৪৭ ক্রয়-বিক্রয় বা লেনদেনে গোপন কোড ব্যবহার করে। সন্ত্রাসীরা এই অস্ত্রকে আজকাল ‘আবুল হোসেন’ বলে ডাকে। এই তথ্য র‌্যাবের একাধিক কর্মকর্তার।

র‌্যাবের একটি দল ইমনের সহযোগী নঈমের বাসা ২২৮/১ শেরে বাংলা রোডে যখন হানা দেয়, প্রথমেই তাকে প্রশ্ন করে-আবুল হোসেন কোথায়? র‌্যাবের এই প্রশ্নে নঈম মোটেও হতচকিত না হয়ে বলে, আমি জানি না। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার রুমের খাটের নিচে লুকানো আছে একটি ‘আবুল হোসেন’ অর্থাৎ একে-৪৭।

র‌্যাব সদস্যরা তার বাসা থেকে শুধু একে-৪৭ (৭.৭ মি.মি সাব মেশিনগান)-ই নয়, একটি পিস্তল, একটি রিভলবার, একটি এয়ারগান, ৮৮ রাউন্ড অ্যামুনিশন, ১১ রাউন্ড থ্রি টু বোরের গুলি ও দু’টি হাতবোমাও উদ্ধার করে।