ভোলার শহরতলীতে গণপিটুনির শিকার দুই দারোগা, ভয়ে গ্রাম পুরুষশূন্য
ভোলার শহরতলীর আলীনগর ইউনিয়নে বুধবার রাতে ফেনসিডিল চালান ধরার নামে একজন দোকানিকে ধরে নিয়ে আসার ঘটনায় পুলিশের দুই অফিসার গণপিটুনির শিকার হয়েছেন। উত্তেজিত গ্রামবাসীরা এ সময় আটক দোকানি রশিদকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনাটি নিয়ে পুলিশ ও গ্রামবাসিরা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে।
পুলিশের আহত এসআই নারায়ন চন্দ্র দাস ও এএসআই জাকির হোসেনকে অজ্ঞান অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ আরও তিন গ্রামবাসিকে গ্রেফতার করে। পুলিশের আতঙ্কে গ্রামটি এখন পুরুষশূন্য হয়ে পড়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর ইউনিয়নে পল্লানবাড়ি দরজা এলাকায় পুলিশের দুই অফিসার ফেনসিডিলের একটি চালান ধরতে যায়। এ সময় তারা মো. রশিদ নামে একজন ফেননিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করে মটর সাইকেলযোগে নিয়ে আসার সময় এলাকার কয়েক শ নারী-পুরুষ পুলিশের উপর হামলা চালিয়ে রশিদকে ছিনতাই করে নিয়ে যায়।
অন্যদিকে গ্রামবাসিরা জানিয়েছেন, পল্লানবাড়ি দরজা এলাকায় রশিদ একটি চায়ের দোকান চালায়। পুলিশের লোকজন প্রায়ই এখানে আসে। ঘটনার সময় কোন অভিযোগ ছাড়াই পুলিশ তাকে ধরে মারধোর করতে থাকে। তার চিৎকারে গ্রামবাসী ছুটে আসে এবং পুলিশের ওপর হামলা করে রশিদকে ছিনিয়ে নেয়।
