মোবাইল সিম ইস্যু বাজেটে প্রধান এজেন্ডাগুলো হালকা করে দিচ্ছে
প্রস্তাবিত বাজেটে সিমের ওপর শুল্ক ও ভ্যাট আরোপের ব্যাপারে আলোচনাই বাজেট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। এক্ষেত্রে আলোচনার মূল এজেন্ডাগুলো হালকা হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে উপেক্ষিত।
গত ৯ জুন প্রস্তাবিত বাজেটে সরকার সেল ফোনের প্রতিটি সিম কার্ডের ওপর ১২শ’ টাকা কর আরোপের প্রস্তাব করে।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. খলিকুজ্জামান আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটের দারিদ্র বিমোচন কৌশল পত্র, মূল্যস্ফিতির উর্ধ্ব হার ও কালো টাকা সাদা করার বিষয়টিকে মূল ইস্যু হিসেবে আলোচিত হওয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, দূর্ভাগ্যবশতঃ সংশ্লিষ্ট আলোচকরা এ ব্যাপারে কোনও দৃষ্টিই দিচ্ছেন না।
তিনি বলেন, বাজেটের উদ্দেশ্য ও বরাদ্দের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।
তিনি আরও বলেন, বাজেটের প্রধান লক্ষ্য যেমন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং অর্থনৈতিক বরাদ্দের মধ্যে সম্পর্কের অভাব লক্ষ্য করা গেছে।
ড. খলিকুজ্জামান বলেন এই বাজেট সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে সহায়ক নয়।
এর মধ্যে কিছু ইতিবাচক দিক থাকলেও অনেক বেশি নেতিবাচক প্রভাব রয়েছে।
অধ্যাপক এমএম আকাশ বিডিনিউজকে বলেন, সরকার সেল ফোন অপারেটরদের কাছ থেকে কর আদায় করতে ব্যর্থ হয়ে সিম কার্ডের ওপর এই শুল্ক ও ভ্যাট আরোপ করেছে।
তিনি বলেন, বেশ কিছু নির্দিষ্ট বিষয়ে কালো টাকা সাদা করা, ইউনিয়ন কাউন্সিলের বরাদ্দ কমিয়ে গ্রাম সরকারের জন্য বরাদ্দ, থোক বরাদ্দের বিষয়গুলো সরকারের নীতিহীনতার প্রকাশ।
ড. আতিউর রহমান বিডিনিউজকে বলেন, ব্যংক সুদের উচ্চ হার, মুদ্রাস্ফিতি, বিওপি সংকট এবং বেসরকারি খাতে বিনিয়োগ ইস্যুতে সেভাবে দৃষ্টি দেওয়া হয়নি। যদিও বৃহৎ জাতীয় অর্থনৈতিক স্বার্থে এগুলোই প্রধান এজেন্ডা।
প্রস্তাবিত বাজেট স্বচ্ছ নয় বলে তিনি জানান।
সফটওয়ার শিল্পে করারোপ করার সমালোচনা করে তিনি বলেন, সরকার হোটেল শিল্পে কর অবকাশ সুবিধা দিলেও সফটওয়ার শিল্পকে এক্ষেত্রে গুরুত্ব দেয়নি।
তিনি বলেন, আইটি খাতের সময়োপযোগিতা বুঝতে না পারাটা সরকারের দৃষ্টিভঙ্গিগত সমস্যা।
