চায়না কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দের সাথে সফররত আওয়ামী লীগ প্রতিনিধিদলের মতবিনিময়
চীনে সফররত বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধিদলের নেতারা বৃহস্পতিবার চীনের অর্থনৈতিক সংস্কার বিষয়ে চীনা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছয়সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে বুধবার মধ্যরাতে বেইজিং পৌঁছে।
আলোচনাকালে চীনা নেতৃবৃন্দ চীনের বিগত ২৬ বছরের অর্থনৈতিক অগ্রগতি এবং সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন। চায়না কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের অর্থনৈতিক ধ্যান-ধারণার প্রশংসা করেন এবং এ সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনাকালে চায়না কমিউনিস্ট পার্টির পক্ষে ড. ওয়াং পিওলাই, জেং জিয়ও, ঝাও কিয়াং, পাও জিয়াং এবং আওয়ামী লীগ-এর পক্ষে আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারউজ্জামান, আব্দুর রহমান, বীর বাহাদুর এমপি উপস্থিত ছিলেন।
