২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোক্তা অধিকার সংরক্ষণ ও বিশুদ্ধ খাদ্য আইন প্রণয়নের দাবিতে অনশন পালিত

ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বিশুদ্ধ খাদ্য আইন প্রণয়নের দাবিতে রাজধানীতে বৃহস্পতিবার পরিবেশ বাঁচাও আন্দোলনের উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

পরিবেশ বাঁচাও আন্দোলন ঘোষিত বিষমুক্ত খাদ্য আন্দোলনের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে হাইকোর্টের মাজার গেটের বটতলায় এ কর্মসূচি পালিত হয়।

অনশন চলাকালে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা অভিযোগ করেন, খাদ্যে বিষ মেশানো গণহত্যার শামিল। কিন্তু যুগোপযোগী আইনের অভাবে খাদ্যে বিষ ও ভেজাল মিশ্রনকারিদের বিরুদ্ধে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

সমাবেশে বক্তব্য রাখেন, পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবু নাসের খান, বিষমুক্ত খাদ্য আন্দোলনের আহ্বায়ক সৈয়দ আবুল মকসুদ, যুগ্ন আহ্বায়ক ড. ইফতেখার হোসেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়কারি গোলাম কিবরিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাজারের ফল-মূল, শাক-সব্জি, মাছ-মাংস এমনকি প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রি ও পানীয়ে রয়েছে স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক উপাদান। আম, কলাসহ বিভিন্ন ফলকে পাকানোর জন্যে কার্বাইড, আনারসে হরমোনসহ অন্যান্য বিষাক্ত পদার্থ এবং জামকে কালো দেখানোর জন্যে রং ব্যবহার করা হচ্ছে। ফলকে সতেজ রাখতে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক পদার্থ। শাক-সব্জি উৎপাদনের সময় পোকা দমন করতে মেশানো হচ্ছে মারাত্মক ধরনের বিষ। রাসায়নিক উপাদান ও বিষ মেশানোর সময় সঠিক ব্যবহার বিধি মেনে চলা হচ্ছে না।

বক্তারা আরও বলেন, মানুষের মধ্যে সচেতনতার ফলে সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও যুগোপযোগী আইনের অভাবে অপরাধীদের যথাযথ শাস্তি প্রদান করা যায়না। অপরাধীদের নামমাত্র জরিমানা করেই ছেড়ে দিতে হচ্ছে।