রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪০
রাজধানীর আমিন বাজারে বৃহস্পতিবার ভোরে ব্রীজের রেলিং ভেঙে যাত্রীবাহী নৈশ কোচ খালে পড়ে গেলে তিনজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।
নিহতরা হল কোচের সুপারভাইজার সোহেল (২২), নওগাঁ জেলার সুতির হাটের মামুন (৩৫) ও মান্দার আশরাফ (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ হতে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস ৭০ জন যাত্রী নিয়ে ভোর ৫টার দিকে আমিন বাজার সালেপুর ব্রীজের রেলিং ভেঙ্গে খালে পড়ে যায়। ঘটনাস্থলে তিনজন নিহত এবং ৪০ জন আহত হয়।
দূর্ঘটনার এক ঘন্টা পর টহল পুলিশ ও ঘটনা স্থলে পৌঁছে এরপর দমকল বাহিনীর সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করে। সকাল ১০টার দিকে দমকল বাহিনী নিশ্চিত হয় যে বাসের মধ্যে বা পানিতে আর কোনও মৃত দেহ নেই।
আহতদের ঢাকা মেডিকেল এবং মিরপুর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার থানা পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
