২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ক্রস ফায়ারে শীর্ষ সন্ত্রাসী ইমনের দুই সহযোগী নিহত

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) ও সন্ত্রাসীদের মধ্যে বৃহস্পতিবার সকালে গুলি বিনিময়ের সময় ক্রসফায়ারে পড়ে শীর্ষ সন্ত্রাসী ইমনের দুই সহযোগী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

ক্রসফায়ারে নিহতরা হল খান আহমেদ ওয়াসিব তপু ও মোহাম্মদ ফারুক হোসেন।

এর আগে গত বুধবার ভোর রাতে র‌্যাবের দুটি দল রাজধানীর মিরপুর ও রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তপু ও তার সহযোগী জাহিদ রাজিব, সাইফুল, শাহাদাৎ মাসুদ ও রানা ও খোরশেদ আলমকে গ্রেফতার করে।

র‌্যাব সন্ত্রাসীদের কাছ যে সকল অস্ত্র উদ্ধার করেছে সেগুলো হল-ম্যাগজিনসহ একটি একে-৪৭ এসএমজি, ২টি ইতালির তৈরি পেট্রো বেরেটি পিস্তল, জার্মানির তৈরি ২টি রিভলবার, একটি দেশি রিভলবার, ইতালির তৈরি একটি নাইন এমএম পিস্তল, একটি পয়েন্ট টুটু এয়ারগান, একটি একনালা বন্দুক, ১২৭ রাউন্ড বিভিন্ন আগেয়াস্ত্রের গুলি, ২টি বোমা, দশমিক ০৫ কেজি বোমা তৈরির সরঞ্জাম।

র‌্যাব তপুর বিছানার পাশে রাখা টেবিলের ওপর থেকে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াকিটকি, একটি চার্জার, একটি স্পেয়ার ব্যাটারি ও টেবিলের ড্রয়ার থেকে দুটি জাল পাসপোর্ট উদ্ধার করে।

এসময় সাইফুলের কাছ থেকে একটি পিস্তল ও একটি থ্রিটু পিস্তলের তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব শাহাদতের কাছ থেকে উদ্ধার করে পয়েন্ট টুটু বোরের ৫ রাউন্ড গুলি।

মিরপুর থেকে আটক তপু ও রাজিব তাদের অস্ত্র নাঈমের কাছে রেখেছে বলে স্বীকার করলে র‌্যাবের একটি দল নাঈমের বাসা ২২৮/১ শেরে বাংলা রোডে অভিযান চালিয়ে একটি একে-৪৭ (৭.৭ মি.মি সাব মেশিনগান), একটি পিস্তল, একটি রিভলবার, একটি এয়ারগান, মোট ৮৮ রাউন্ড এ্যামোনিশন, ১১ রাউন্ড থ্রি টু বোরের গুলি ও ২টি হাতবোমা উদ্ধার করে। নাঈমই র‌্যাবকে এইসব অস্ত্র নিজ হাতে তুলে দেয়।

এরপর তপুর অন্যান্য সহযোগী আবুল ও সোহেলকে গ্রেফতারের জন্য চেষ্টা চালায় র‌্যাব।

আবুলের সাথে তপুর মোবাইলে যোগাযোগ করিয়ে দেওয়া হলে আবুল ও তার কয়েকজন সহযোগী সাভারের নিরিবিলি এলাকায় অবস্থান করছে বলে জানায়।

তপুর দেওয়া তথ্যমতে রায়ের বাজার থেকে খোরশেদকে গ্রেফতার করা হয়।

এরপর র‌্যাব আবুল সোহেল ও অন্যদের গ্রেফতার করতে তপু ও রাজিবকে নিয়ে সাভারের নিরিবিলি এলাকায় পৌঁছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হাত বোমা নিক্ষেপ করে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি নিক্ষেপ করে। এসময় হাত বোমা বিস্ফোরণের ফলে বিশৃংখলার সুযোগ নিয়ে তপু ও রাজিব পালানোর চেষ্টা করলে লাইন অব ফায়ারে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাদের দলবল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ইতালির তৈরি পেট্রো বেরেটা পিস্তল, জার্মানির তৈরি একটি রিভলবার ও একটি ওয়ান সুট্যারগান উদ্ধার করে। এছাড়া তারা ওই স্থান থেকে ২টি ওয়াকিটকি, ২২ রাউণ্ড এ্যামোনেশন, একটি স্পেয়ার ব্যাটারি, একটি চার্জার ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এদিকে সাইফুল, শাহাদৎ, জাহিদ, রানা, মাসুদ, সাঈদ ও খোরশেদকে থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।