রামপুরায় কলেজ ছাত্র গুলিবিদ্ধ
রাজধানীর খিলগাঁও থানাধীন রামপুরায় বুধবার সকালে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে এক কলেজ ছাত্র।
তেজগাঁও কলেজের এইচএসসি পরীক্ষার্থী রিয়াজ উদ্দিন শাহিন (১৮) সকাল সাড়ে এগারোটার দিকে তার রামপুরার বাসা থেকে বের হয়ে উলন বস্তির সামনে যাওয়ার পরপরই অজ্ঞাত পরিচয় একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে বলে জানিয়েছেন আহত শাহিনের বড় ভাই ফয়সাল উদ্দিন। তিনি আরও জানান, গুলি করার পরই চারজনের সন্ত্রাসী দলটি পালিয়ে যায়।
বাঁ পায়ে দু’টি বুলেটবিদ্ধ রিয়াজকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
খিলগাঁও থানা পুলিশ ঘটনার ব্যাপারে অবগত হলেও বিস্তারিত কিছু জানাতে পারেনি।
