দেশে স্বাস্থ্যখাতে ১০ ভাগ হারে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার দেশে চলমান স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচিতে (এইচএনপিএসপি) ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতি বছর শতকরা ১০ ভাগ হারে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট সূচকের লক্ষমাত্রা অর্জনে অভ্যন্তরীণ সম্পদের যোগান বৃদ্ধি করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাপানের রাজধানি টোকিওতে অনুষ্ঠিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট সূচকের লক্ষমাত্রা অর্জন বিষয়ক এশিয়া প্রশান্ত মহাসাগীয় অঞ্চলের উচ্চ পর্যায়ের বৈঠকে বুধবার ‘বাংলাদেশ রিসোর্স মবিলাইজেশন এ্যান্ড সাসটেইনেবিলিটি ইন এইচএনপি সেক্টর’ শীর্ষক উপস্থাপনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ব ব্যাংকের সেক্টর ম্যানাজার ড. ফাদিয়া সাদাহ।
ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিমসহ বেশ কিছু উদ্ভাবনী স্কিম গ্রহণ করেছে। মনিটরিং ব্যবস্থা জোরদার করতে ম্যানেজমেন্ট সাপোর্ট এজেন্সি এবং পারফরমেন্স মনিটরিং এজেন্সি গঠন করা হয়েছে। বিগত কয়েক বছরে বাংলাদেশ মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যু কমানোর ক্ষেত্রে যথেষ্ট সফলতা অর্জন করেছে।
তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ন্যায় বেশ কিছু নতুন আইন প্রনয়ণ করা হয়েছে।
এশিয়া উন্নয়ন ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় জাপান এ বৈঠকের আয়োজন করেছে।
বাংলাদেশ ছাড়াও এ অঞ্চলের ২৩ টি দেশের স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। দুদিন ব্যাপী বৈঠক শেষ হয়েছে বুধবার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে জাপান বাংলাদেশ পার্লামেন্টারি লীগের প্রেসিডেন্ট শিন সাকুরাই সাক্ষাৎ করেন। এ সময় দ্বি পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় এবং বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক জোরদার করার আশা ব্যক্ত করা হয়।
