নরসিংদী উপনির্বাচন: খোকন সমর্থকদের হাতে স্বতন্ত্র প্রার্থী মুন্না লাঞ্ছিত
নরসিংদী-১ আসন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন মুন্না বুধবার জোট প্রার্থী খায়রুল কবির খোকনের সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন।
সূত্র জানায়, দুপুর ২ টায় মুন্না সাত্তিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে জোটপ্রার্থীর সমর্থকরা মুন্নার নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেয়। স্বতন্ত্র প্রার্থী মুন্না এই ঘটনার কারণ জানতে চাইলে সরকার সমর্থকরা তাকে ধাওয়া এবং শারিরিকিভাবে লাঞ্ছিত করে। এসময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ রয়েছে।
এব্যাপারে মুন্না থানায় মামলা করতে গেলে পুলিশ কোন মামলা নেয়নি। পরে তিনি কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপি হচ্ছে বলে রির্টানিং অফিসার ফিরোজ শাহাদতের কাছে অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী মুন্নার সমর্থকরা নরসিংদী শহরে বিক্ষোভ সমাবেশ করেছে।
